২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদ--নদীর পানি বিপদসীমার ওপরে

উজান থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকায় দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এসব জেলার সবকটি নদ--নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টির তীব্রতা কমায় কোথাও কোথাও পরিস্থিতির সামান্য উন্নতিও হয়েছে। কুমিল্লা প্রতিনিধি জানান, ত্রিপুরা থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার চৌদ্দগ্রামের তিন ইউনিয়নের কমপক্ষে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। কাঁকড়ী নদীর বাঁধের সাত স্থানে ভাঙ্গনের ফলে উপজেলার ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 11:10 AM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- উজান থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকায় দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এসব জেলার সবকটি নদ--নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টির তীব্রতা কমায় কোথাও কোথাও পরিস্থিতির সামান্য উন্নতিও হয়েছে। কুমিল্লা প্রতিনিধি জানান, ত্রিপুরা থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার চৌদ্দগ্রামের তিন ইউনিয়নের কমপক্ষে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। কাঁকড়ী নদীর বাঁধের সাত স্থানে ভাঙ্গনের ফলে উপজেলার ৬০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস ছোবহান জানান, মঙ্গলবার ভোরে কৃষ্ণপুর গ্রামের মানুষের ঘুম ভাঙে বাঁধ ভেঙে তীব্র গতিতে পানির ঢোকার শব্দে। কিছু বুঝে ওঠার আগেই বাড়িঘরসহ ফসলি জমি তলিয়ে যায়। উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে পানি ঢোকার পরই ভেঙে যায় কাশিনগরের পরানপুর ও কলাবাগান এলাকার বাঁধ। এসব এলাকার পানিবন্দি মানুষ ঘর ছেড়ে আসার মতোও সময় পাননি। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হচ্ছে উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর, কোমারডাঙ্গা, চানশ্রী, চান্দুল, আশ্রাফপুর, মটুয়া, সামুকসার, কালিকাপুর, রাজাপুর, ইলাশপুর, জামিলকোট, মানিকনগর, ঘাসিগ্রাম, বলরা, প্রতাপুর, কাশিনগর ইউনিয়নের পূর্ব সাহাপাড়া, রামচন্দ্রপুর, বালুমুড়ী, শিবপুর, মহাদেবপুর, যুগিরকান্দি, শাহাপুর, কাতালিয়া, জয়মঙ্গলপুর, অশ্বদিয়া এবং কালিকাপুর ইউনিয়নের পরানপুর ও আবদুল্লাহপুর। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর খাইরুল আলম জানান , সেনাবাহিনী মিয়াবাজার স্কুলে ক্যাম্প করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাট সদরসহ চারটি উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও উজান থেকে নেমে আসা ঢলে নতুন করে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল আক্কেলপুর উপজেলা। আকস্মিক বন্যায় জেলার ২শ ৬৭ দশমিক ৫ বর্গকিলোমিটার এলাকার ২১টি ইউনিয়নের ৬ হাজার ৩শ ২৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ১ হাজার ৬শ ২১ হেক্টর জমির আখ, পাট, সহ বিভিন্ন শাক--সবজির ফসল পানিতে তলিয়ে গেছে। কাঁচা ও পাকা রাস্তা মিলে ক্ষতিগ্রস্ত হয়েছে ২শ ৩৪ কিলোমিটার রাস্তা। ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোত্তালিব আলী এসব তথ্য দেন। জেলা মৎস্য অফিস সহকারী বিনয় চন্দ্র জানান, বন্যায় এ পর্যন্ত ৩ হাজার ৩৭টি পুকুরের ৬ কোটি ৬৪ লক্ষ ৫৮ হাজার টাকার ১ হাজার ২শ ১১ মেট্রিক টন মাছ ভেসে গেছে। বন্যা কবলিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। ১০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে ত্রাণ ও পূণর্বাসন অফিস সূত্র। মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারের কমলগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। কমলগঞ্জে ধলাই নদীর পানি কিছুটা কমলেও মনু নদীর পানি বেড়েছে। গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এ উপজেলার নয়টি স্থানে ধলাই নদীর বাঁধ ভেঙে বন্যার পানিতে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানির তোড়ে ভেসে গেছে অর্ধশতাধিক বাড়ি। এছাড়া পাঁচ হাজার একর জমির আউশ ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়া কমলগঞ্জে ধলাই নদীর পানি বিপদসীমার দশমিক ৭৪ মিটার, মনু নদী মনু রেলওয়ে ব্রিজের কাছে বিপদসীমার দুই মিটার এবং মনু নদী মৌলভীবাজার শহরের চাঁদনীঘাটের কাছে পানি বিপদসীমার দশমিক ২৫ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জ জেলায় খোয়াই নদীর পানি বুধবার দুপুরেও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি না থাকায় পানি না বাড়লেও সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। একটানা বৃষ্টিতে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হবিগঞ্জ শহর রক্ষা বাঁধে ভাঙনের আশংকা দেখা দিয়েছে। হবিগঞ্জের সদর উপজেলার নিচু এলাকা বানিয়াচং ও চুনারুঘাট উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বানিয়াচংয়ে ১৭ হাজার হেক্টর জমির বোনা আমন বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলের কারণে ডুবে গেছে। কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তৃত এলাকা। হবিগঞ্জের সদর উপজেলার সাদাপুর বানিয়াচংয়ের মোহরপুর, সুজাতপুর, রাধাপুর, দত্তপুর, রতনপুরসহ ছয়টি জায়গায় বাঁধ ভেঙে পানি ঢুকছে। তবে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয় কোথাও বাঁধ ভাঙেনি। অতিবৃষ্টির কারণে নিচু এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ফেনী প্রতিনিধি জানান, জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলার বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বিভিন্ন গ্রামে পানিবন্দি মানুষ তীব্র খাবার ও পানি সঙ্কটে পড়েছে। ফেনী--পরশুরাম সড়কের প্রায় ছয় কিলোমিটার এলাকা এখনো পানির নিচে। বুধবার দুপুরে পানিসম্পদ উপদেষ্টা মতিউর রহমান পরশুরাম ও ফুলগাজীর দুর্গত এলাকা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন। দুগর্ত মানুষদের মধ্যে এ সময় ত্রাণ সামগ্রীও বিতরণ করেন উপদেষ্টা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৭০২ ঘ.