ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঘুষ ও চাঁদা দাবি এবং অবৈধভাবে উচ্ছেদের অভিযোগে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত সচিব কামরুল ইসলাম সিদ্দিকীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
সোমবার তেজগাঁও এলাকার ব্যবসায়ী আব্দুস শুকুর ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেন।
শুনানি শেষে হাকিম সৈয়দ মো. মুজিবুল হক তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মামলায় গণপূর্ত রক্ষণাবেক্ষণ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান মোল্লা, মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব ও ম্যাজিস্ট্রেট খিজির আহমেদকেও আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, বাদি আবদুস শুকুর কারওয়ান বাজারের একটি প্লট লিজ নিয়ে আড়তের ব্যবসা শুরু করেন। কিন্তু কামরুল ইসলাম সিদ্দিকী তার প্রতিনিধির মাধ্যমে তাদের কাছে এককালীন ৫০ লাখ টাকা এবং প্রতিমাসে একলাখ টাকা করে চাঁদা দাবি করেন।
তিনি এ টাকা দিতে রাজি না হওয়ায় ২০০৬ সালের ২৮ জুন পূর্ত মন্ত্রণালয়ের সচিবের নির্দেশে নির্বাহী প্রকৌশলী ও ম্যাজিস্ট্রেট লোকজন নিয়ে বাদি ও আড়তের লোকজনকে উচ্ছেদ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/জেকে/এমএইচবি/২৩৪৩
bdnews24