ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- থেমে থেমে বৃষ্টিতে পথে নামলেই দুর্ভোগ পোহাতে হচ্ছে ঢাকাবাসীকে। শনিবার থেকে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর অনেক এলাকায়। দেশের নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। আবহাওয়া অফিস বলছে আগামী দু'একদিনে বৃষ্টি পরিস্থির উন্নতির তেমন সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে কমতে পারে অঝোর বর্ষণ।
সোমবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল থমথমে। দুপুরের পর থেকেই আবার শুরু হয় বর্ষণ। বৃষ্টি নামায় নতুন করে স্থবির হয়ে পড়ে রাজধানীর জনজীবন। বিকেলের দিকে বৃষ্টি থামলেও অনেক এলাকায় জলাবদ্ধতার কারণে বাড়ির ভেতরেই বন্দি রয়েছেন লোকজন।
রোববারের দিনভর বৃষ্টির ধকল সোমবারও কাটিয়ে উঠতে পারেনি নগরবাসী। বিভিন্ন রাস্তায় জমে থাকা হাটু পানিতে চরম বিপাকে পড়তে হয় অফিসমুখো মানুষ ও শিক্ষার্থীদের। বিশেষ করে মিরপুর, শেওড়াপাড়া, কাজিপাড়া, তালতলা, শান্তিনগর, মালিবাগ এলাকার অলি--গলিসহ প্রধান অনেক সড়কে এখনও হাটু পানি।
মৌচাক মোড় থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত সড়কে পানি জমে থাকায় বড় গাড়ি ও রিক্সা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারছে না। মৌচাক থেকে মগবাজারের দিকের সড়কেও পানি জমেছে। মিরপুর এলাকার কাজীপাড়া, শেওড়াপাড়াসহ বেশ কিছু এলাকায় জলবদ্ধতার কারণে অনেক বাড়ির নিচতলায় পানি ঢুকে গেছে। বাসাবো, খিলগাঁও, সবুজবাগ, তালতলা, মুগদা এলাকায় অবস্থা মিরপুরের চেয়েও খারাপ।
শান্তিনগর, মালিবাগ, পল্টন, ফার্মগেট, ঝিগাতলা, হাজারীবাগ, রায়েরবাজার, মোহাম্মদপুর, পুরনো ঢাকার অধিকাংশ এলাকার অলি--গলিসহ প্রধান অনেক সড়ক তলিয়ে গেছে পানির নিচে। শেরাটন হোটেলের সামনে, নিউমার্কেট, আজিমপুর ও পুরনো ঢাকায় পানি জমেছে।
বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সোমবারও রাস্তায় যানবাহন ছিল একেবারে কম। সিএনজি চালিত বাস পানির কারণে সড়কের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। বেশি ভাড়া দিয়েও চাহিদামতো রিক্সা ও সিএনজি অটোরিক্সা পাওয়া যাচ্ছে না। রিক্সা চালক আল আমিন জানান, তিনি বৃষ্টিতে ভিজে একটু বেশি ভাড়ায় ঘণ্টাচারেক রিক্সা চালিয়েছেন। পানির মধ্যে রিক্সা চালানোর কারণে ক্লান্ত হয়ে পড়েছেন। এ অবস্থায় নিউমার্কেটের সামনে যাত্রীরা বারবার ডাকার পরও তাদের ফিরিয়ে দিচ্ছেন তিনি।
প্রবল বর্ষণের কারণে নদ--নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সোমবার অধিকাংশ জেলায় বৃষ্টির হচ্ছে।
আবহাওয়া অফিসের কর্মকর্তা সানাউল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দক্ষিণ--পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব প্রবল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত।
মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে সারাদেশে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হচ্ছে বলে তিনি জানান। কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকার অধিকাংশ নদীতেই পানি বেড়েছে। ৬২টি পয়েন্টের মধ্যে ৩৭টি পয়েন্টে পানির উচ্চতা বেশি পাওয়া গেছে। নেত্রকোনায় সোমেশ্বরী নদীতে পানি বিপদসীমার ১৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়।
বৃষ্টিপাতের সঙ্গে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার নিুাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। কুশিয়ারাতেও পানি বেড়েছে। বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলা শহরের ষোলঘর, নতুনপাড়া, হাজীপাড়া, সোমপাড়া, জামাইপাড়া ও মুক্তারপাড়া এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে জেলার কংস, সুমেশ্বরী, ধনু, উব্দাখালী, মগড়া, আত্রাইখালীসহ সব নদ-নদীর পানি বেড়েছে। নেত্রকোনা-দুর্গাপুর ও নেত্রকোনা-কলমাকান্দা সড়কে নির্মাণাধীন কয়েকটি সেতুর বিকল্প রাস্তাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় জেলা শহরের সঙ্গে এ দুই উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এছাড়া কেন্দুয়া-আঠারোবাড়ী সড়কেও যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কমলগঞ্জ উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সোমবার সকালে পৌর এলাকার ১০ নম্বর এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে গেছে। পৌরসভার ভানুগাছ বাজারের রাস্তা ঘাটে এখন দেড় থেকে ২ ফুট পানির নিচে। এছাড়া উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের ১০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
জামালপুর প্রতিনিধি জানান, পাঁচদিনের টানা বর্ষণে জামালপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লাগাতার বর্ষণে মাদারগঞ্জের যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়াও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে মাদারগঞ্জের বালিজুড়ি, জোড়খালী ও চরপাকেরদহের কমপক্ষে ২০ গ্রামের নিম্নাঞ্চল প্ল
bdnews24