ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রশাসনে এক অতিরিক্ত সচিব ও দুই যুগ্মসচিবসহ ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় বুধবার এসব বদলির আদেশ জারি করে।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) থাকা অতিরিক্ত সচিব নাজমুল হুদা খানকে বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান এবং ওএসডি যুগ্মসচিব শামসুদ্দীন আহমদ ও আবদুস সামাদকে একই প্রতিষ্ঠানের সদস্য নিয়োগ করা হয়েছে।
এদিকে সিনিয়র সহকারী সচিব পর্যায়ের নয় কর্মকর্তাকে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনিরা সুলতানাকে নারায়ণগঞ্জের বন্দর, ফেনী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার নাজমুল আবেদীনকে কিশোরগঞ্জের হোসেনপুর, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাজেদুর রহমান খানকে রাজশাহী তানোর, হবিগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার জহিরুল ইসলামকে মৌলভীবাজারের কুলাউড়ায়, যশোরের সিনিয়র সহকারী কমিশনার নুরুজ্জামানকে কুষ্টিয়ার কুমারখালী, ঢাকা জেলার নেজারত ডেপুটি কালেক্টর আকনুর রহমানকে দিনাজপুরের হাকিমপুর, মানিকগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টর সাইদুর রহমানকে নওগাঁর নেয়ামতপুর, শেরপুর জেলার নেজারত ডেপুটি কালেক্টর এম রাহেদ হোসেনকে খাগড়াছড়ি সদর উপজেলা, নওগাঁর জেনারেল সার্টিফিকেট অফিসার ফিরোজ আহমেদকে শরীয়তপুরের জাজিরা উপজেলার ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া পাবনা চাটমোহরের ইউএনও মাসুদ করিমকে মানিকগঞ্জের সিঙ্গাইর এবং রাজশাহীর তানোরের ইউএনও নাজমুল সাদত সেলিমকে নীলফামারীর ডোমার উপজেলার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে ঝালকাঠির কাঁঠালিয়ার ইউএনও গোলাম ফারুক, জয়পুরহাট আক্কেলপুরের ইউএনও শাহআলম এবং ঠাকুরগাঁও রানীশংকৈলের ইউএনও আবদুল মান্নানকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/জেকে/এমএইচবি/১৯৫৭ ঘ.
bdnews24