২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র উদ্ধার: গ্রেপ্তারকৃতরা ২ দিনের রিমান্ডে

নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)-- নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতদের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বায়েজিদ থানা পুলিশ বুধবার গ্রেপ্তারকৃত পাঁচজনকে মুখ্য মহানগর হাকিম মোকছেদুর রহমানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত সংক্ষিপ্ত শুনানি শেষে পাঁচজনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বায়েজিদ থানার উপ--পরিদর্শক রঞ্জন সামন্ত জানান, বিপুল পরিমাণ অস্ত্রের উৎস এবং এগুলোর প্রকৃত মালিক কে বা কারা তা তদন্তের জন্য আসামীদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়। সাতদিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। রঞ্জন সামন্ত জানান, বুধবার আদালতে এই কারখানার সাবেক নিরাপত্তা কর্মী মতিলাল দেবনাথ সাক্ষ্য দেন। মঙ্গলবার দুপুরে বায়েজিদ থানা পুলিশ আওয়ামী লীগ নেতা প্রকৌশলী আফসার উদ্দিনের মালিকানাধীন বাংলাদেশ কেমিক্যাল কমপ্লেক্স (প্রাইভেট) লিমিটেড রবার ফ্যাক্টরি থেকে চারটি থ্রি নট থ্রি রাইফেল, দুইটি শর্টগান, একটি নাইন এম এম পিস্তল, ৩০৪ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ৩২ রাউন্ড গুলির খোসা, ১৫টি চার্জার উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আফসার উদ্দিনের ভাইপো ফজলুল হক দুলালসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- মো. জসিম, মো. আবদুল আলিম, রবিউল হোসেন এবং আবু বক্কর। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/আরএআর/আরএ/এসডি/২০০২ ঘ.