ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিচার বিভাগীয় কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব পদে নিয়োগ ও পদোন্নতির বৈধতা নিয়ে জনস্বার্থে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি সৈয়দ মোঃ জিয়াউল করিমের হাইকোর্ট বেঞ্চ ড. শাহদীন মালিকের দায়ের করা আবেদনের শুনানি করে এই রায় দেন।
রায়ে আদালত বলেছেন, বিচার বিভাগীয় কর্মকর্তাদের আইন মন্ত্রনালয়ের সচিব ও অতিরিক্ত সচিব পদে নিয়োগ ও পদোন্নতিতে কোনো বাধা নেই। এ ধরনের নিয়োগ সংবিধান ও বিচার বিভাগ আলাদা করতে মাযদার হোসেন মামলার রায়ের নির্দেশনার সঙ্গে অসঙ্গতিপূর্ণ নয় বলেও মনে করেন আদালত।
২০০৬ সালের ৮ মার্চ জেলা জজ আলী আশরাফ খান লোদীকে আইনালয়ের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এ নিয়োগের পর বিচার বিভাগীয় কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ড. শাহদীন মালিক হাইকোর্টে রিট মামলা দায়ের করেন।
রায়ে আদালত বলেন, গত ১৬ জানুয়ারি প্রকাশিত জুডিশিয়াল সার্ভিস পদে নিয়োগ বিধিমালা ১ জুলাই থেকে কার্যকর হবে। আলী আশরাফ খান লোদীকে ২০০২ সালের বিধিমালা অনুযায়ী পদোন্নতি দেওয়া হয়েছে। তাই তার পদোন্নতি অবৈধ ঘোষণা করার কোন ভিত্তি নেই।
আদালত বলেন, প্রলোভন একটি আপেক্ষিক শব্দ। বিচার বিভাগে নিয়োগ পাওয়ার প্রথম দিন থেকেই প্রলোভনের সুযোগ রয়েছে। কিন্তু তাই বলে বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী বিভাগে নিয়োগের ক্ষেত্রে প্রলুব্ধতার বিষয় রয়েছে একথা বলা যাবে না।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ গত ১২ ডিসেম্বর এই রিটটির পরিপ্রে্িক্ষতে সরকারের প্রতি রুল জারি করে।
এ মামলায় রিটকারী পক্ষে শুনানিতে অংশ নেন এ এফ হাসান আরিফ, আইন সচিবের পক্ষে অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী, আলী আশরাফ খান লোদীর পক্ষে ইকবাল সাঈদ এবং সংস্থাপন মন্ত্রণালয়ের পক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল জাফর ইমাম।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এটি/কেএম/১৮৩০ঘ.
bdnews24