চট্টগ্রাম, ৪ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম): রোববার মধ্যরাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বটতলী সড়কে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মো. হাসান নামে একজনের মৃত্যু হয়েছে।
নিহতের লাশ এখন পর্যন্ত কেউ নিতে না আসায় আনুমানিক চল্লিশ বছর বয়সী হাসানের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বটতলী ইউনিয়নের বটতলী বাজারের ইমাম শপিং কমপ্লেক্সের মালিক জামাল উদ্দিন ও তার ভাই নিজাম উদ্দিন রোববার রাত এগারোটার দিকে মটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় ১৫/২০ জনের একদল ডাকাত রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে। ডাকাত দল অস্ত্রের মুখে তাদের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল ছিনিয়ে নেয়।
এই দুই ব্যবসায়ীর চিৎকারে আশেপাশের গ্রামবাসীরা এগিয়ে এসে ধাওয়া করলে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় হাসান। গ্রামবাসীদের গণপিটুনিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশের কাছে জমা দেওয়া হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুর রহমান জানান, মুমূর্ষ অবস্থায় নিহত লোকটি তার নাম হাসান বলে জনতাকে জানিয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএইচ/১৯০০ ঘ.
bdnews24