ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জি--৮ সম্মেলন শুরুর আগে পানি দারিদ্র্য থেকে মুক্তি ও পয়ঃনিষ্কাশনে সাহায্যের জন্য উন্নত দেশগুলোর কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ।
সোমবার আগারগাঁও এলজিইডি ভবন মিলনায়তনে বিভিন্ন এনজিও এবং উন্নয়ন সহযোগী সংস্থার উদ্যোগে আয়োজিত জাতীয় সভায় এ দাবি জানানো হয়।
সভায় জানানো হয়, ওয়াটার এন্ড স্যানিটেশন কোলাবরেটিভ কাউন্সিল, বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে বিভিন্ন এনজিওর সহযোগিতায় এ দাবির সমর্থনে পাঁচ লাখ লোকের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। জি--৮ এর সমন্বয়ক দেশ জার্মানীর রাষ্ট্রদূতের মাধ্যমে এ দাবি এবার পাঠানো হবে।
আলোচনায় বক্তারা বলেন, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের অভাবে বিশ্বে যতো মানুষ মারা যায়, কোনো যুদ্ধেও এতো লোকের মৃত্যু হয় না। বাংলাদেশে কাগজে --কলমে সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশনে অনেক সাফল্য দেখানো হলেও এতে শুভংকরের ফাঁকি রয়েছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে সমন্বিত কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। এজন্য উন্নত দেশগুলোর সহযোগিতার পাশাপাশি সরকারকে বার্ষিক পরিকল্পনায় এ বিষয়ে নজর দিতে হবে।
উন্নত দেশগুলোর কাছে সাহায্য চাইলেও বক্তারা একইসঙ্গে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ধনী দেশগুলো অর্থ দিয়ে পানির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইবে। এটা সতর্কতার সঙ্গে মোকাবিলা করে পানির ওপর দরিদ্র মানুষের অধিকার অক্ষুন্ন রাখতে হবে। একইসঙ্গে তারা পানি সম্পদ রক্ষায় খাল, বিল, নদী সংরক্ষণের জন্য সচেতনতা সৃষ্টি, সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণের সুপারিশ করেন।
আলোচনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজিবর রহমান, প্ল্যান বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর থমাস এসপি, ওয়াটার এইড বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি হাসিন জাহান, বিশ্বব্যাংকের পানি ও পয়ঃনিষ্কাশন বিশেষজ্ঞ সফিউল আযম আহমেদ, দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ, বস্তি অধিকার সুরক্ষা কমিটির চেয়ারম্যান আবদুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।
বস্তি অধিকার সুরক্ষা কমিটির নেত্রী ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক মনজুরুল আহসান বুলবুল।
আলোচকরা দেশের পানি সম্পদ বিনষ্ট হওয়ার নানা কারণ ও প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করেন। তারা এ বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরে পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসডি/১৪৪৪ ঘ.
bdnews24