ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম)-- নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলায় বাদী এবং আসামী পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে।
সোমবার সকালে বিশেষ জজ আদালত--৫ এর বিচারক আশরাফ হোসেনের আদালত আগামী ৭ জুন এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন।
৩১ মে মামুনের গ্রেপ্তার সংক্রান্ত সংবাদ প্রকাশকারী পত্রিকার সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদকদের সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির করতে পারেননি তার আইনজীবীরা।
২৯ মে আত্মপক্ষ সমর্থন করে মামুন সাক্ষ্য দেওয়ার সময় আদালতকে বলেন, যৌথবাহিনী গত ৩১ জানুয়ারি তাকে আটক করলেও এর প্রায় দুমাস পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। আটকের পর তাকে 'ক্রসফায়ার' এর ভয়ভীতি দেখানো হয়েছে। দীর্ঘ দিন যৌথবাহিনীর হেফাজতে থাকার কারণে দুর্নীতি দমন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সম্পত্তির হিসাব দিতে পারেননি বলেও দাবি করেন মামুন।
এর আগে সকাল সাড়ে নয়টায় মুন্সীগঞ্জ কারাগার থেকে মামুনকে বিশেষ জজ আদালতে হাজির করা হয়।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/পিসি/আরএ/কেএম/১৩২০ঘ.
bdnews24