ভোলা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- চরফ্যাশন উপজেলা ছাত্রদল নেতা ইফতেখারুল হক শামীম হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রমর কুমার বিশ্বাস রোববার বিকেলে এ রায় দেন। রায়ে আসামীদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশও দেওয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে দাইমুদ্দিন, আঃ গনি, লিটন শীল, আমির হোসেন, আবদুল আজিজ কালু, সিরাজ, জাকির হোসেন, কবির হোসেন, বাদল মীর, সাইফুল ইসলাম ও রায়হান।
এদের মধ্যে লিটন শীল, আমির হোসেন, বাদল মীর, সাইফুল ইসলাম ও রায়হান পলাতক রয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
২০০১ সালের ২০ মে রাতে উপজেলা ছাত্র দলের সহ--সভাপতি ইফতেখারুল হক শামীমকে আঃ গনির বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহতের বড় ভাই চরফ্যাশন পৌরসভার কমিশনার মুজতাহিদুল হক তানভীর ২৭ জনকে আসামী করে থানায় মামলা করেন।
তবে রায়ে পুরোপুরি সন্তষ্ট হতে পারেননি মুজতাহিদুল হক তানভীর। তিনি বলেন, আশা ছিল দাইমুদ্দিন ও আঃ গনির ফাঁসির আদেশ হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১৫৪ ঘ.
bdnews24