যশোর, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- যশোরে স্বর্ণপদকপ্রাপ্ত মৎস্যচাষী ও সাপ্তাহিক হক প্রতিবাদ সম্পাদক মোস্তফা কামাল হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার মামলা হয়েছে। পুলিশ এখনও ওই হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে প্রত্যক্ষদর্শী এক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
কোতোয়ালি থানায় নিহতের ভাই আওয়াল উদ্দিনের দায়ের করা মামলায় আসামী হিসেবে আট জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হচ্ছে ভেকুটিয়া নারায়ণপুর এলাকার হাশেম, রেজাউল, ছোট খোকন, হাফিজুর, ইমরোজ, ইউনুস, তরিকুল ও জাহাঙ্গীর।
মামলার তদন্তকারী কর্মকর্তা অপূর্ব হাসান জানিয়েছেন, খুনীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে বৃহস্পতিবার আটক আব্দুল গনি ও হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী অপর এক জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
মোস্তফা কামালকে শুক্রবার সকালে শহরের কাছে নারায়ণপুরে নিজের মৎস্য ও পশু খামারের মধ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।
১৭০ বিঘা জমির ওপর করা খামারের মালিক মোস্তফা কামাল যশোরের একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। মৎস্য উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছিলেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১৮ ঘ.
bdnews24