২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় কর্ণফুলী সেতুর মূল কাঠামোর কাজ শুরু এ মাসেই

ঝুলন্ত না পিলার - সেই বিতর্ক পেছনে ফেলে আধুনিক নকশার তৃতীয় কর্ণফুলী সেতুর প্রাথমিক কাজ শেষ পর্যায়ে। এখন কাঠামোর নকশা চূড়ান্ত হলেই জুনের তৃতীয় সপ্তাহ থেকে সেতুর মূল কাঠামো নির্মাণ শুরু হবে।কর্ণফুলী তৃতীয় সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী মোক্তাদির বেলাল বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি জানান, সেতুটি নির্মাণের ক্ষেত্রে 'ডিজাইন এন্ড বিল্ট' পদ্ধতি অনুসরণ করা হবে। এর আগে যমুনা ও ভৈরব সেতুর কাজও এই পদ্ধতিতে করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 05:05 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

চট্টগ্রাম, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঝুলন্ত না পিলার - সেই বিতর্ক পেছনে ফেলে আধুনিক নকশার তৃতীয় কর্ণফুলী সেতুর প্রাথমিক কাজ শেষ পর্যায়ে। এখন কাঠামোর নকশা চূড়ান্ত হলেই জুনের তৃতীয় সপ্তাহ থেকে সেতুর মূল কাঠামো নির্মাণ শুরু হবে। কর্ণফুলী তৃতীয় সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী মোক্তাদির বেলাল বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি জানান, সেতুটি নির্মাণের ক্ষেত্রে 'ডিজাইন এন্ড বিল্ট' পদ্ধতি অনুসরণ করা হবে। এর আগে যমুনা ও ভৈরব সেতুর কাজও এই পদ্ধতিতে করা হয়েছে। মোক্তাদির বেলাল জানান, ৫৯০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৯৫০ মিটার দীর্ঘ এই সেতুতে যানবাহন চলাচলের জন্য চারটি লেন এবং পথচারী পারাপারের জন্য ফুটপাত থাকবে। সেতুটি নির্মাণে কুয়েত ফান্ড ৩৭২ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে। এরমধ্যে সেতুর মূল কাঠামো নির্মাণে ব্যয় হবে ৩৩৬ কোটি টাকা। বাকি ২৫৪ কোটি টাকা খরচ হবে সংযোগ সড়ক নির্মাণ ও ভূমি অধিগ্রহণের জন্য। সেতুর জন্য সংযোগ সড়ক নির্মাণের দায়িত্বে আছে দেশি প্রতিষ্ঠান আল আমিন কন্সট্রাকশন। সেতুর মূল কাঠামো নির্মাণ করবে চীনা প্রতিষ্ঠান 'চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি'। এছাড়া আরো চারটি বিশেষজ্ঞ প্রতিষ্ঠান পুরো কাজের তদারকি করছে। আল আমিন কন্সট্রাকশনের সাইট ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বুলবুল জানান, ইতোমধ্যে নদীতে তিনটি ও দক্ষিণ প্রান্তে একটিসহ চারটি টেস্ট পাইলের কাজ শেষ হয়েছে। ট্রায়াল পাইলের কাজও শেষের দিকে। নির্মাণ এলাকার প্রকৌশলীরা জানান, কাজের সুবিধার জন্য ১৮ ফুট প্রশস্ত ট্র্যাসেল ব্রিজ নির্মাণ করা হয়েছে। এর ফলে বর্ষাকালেও পুরোদমে কাজ চালানো যাবে। দেশে প্রথমবারের মতো এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে বলে প্রকৌশলীরা জানান। যমুনাসহ অন্যান্য সেতু নির্মাণের সময় বার্জ ভাড়া করে কাজ চালানো হয়েছে। এই পদ্ধতিতে খরচ কমার পাশাপাশি কাজও দ্রুত হবে। প্রকৌশলী মোক্তাদির বেলাল বলেন, গত বছরের জুলাই মাসে প্রকল্পটি পাস হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে কাজ কিছুটা পিছিয়ে পড়েছে। তবে এখনকার ধারাবাহিকতা বজায় থাকলে ২০০৯ সালের জুলাইয়ের মধ্যে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া যাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/এসএনডি/১০৫০ ঘ.