২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আড়াই কোটি টাকার হেরোইন উদ্ধার

রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আড়াই কেজিরও বেশি হেরোইনসহ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 02:47 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আড়াই কেজিরও বেশি হেরোইনসহ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সাইমুন আজম জনি (২২) এবং শাহরিয়ার ইমন (২৫) নিজেদের বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছে। রমনা থানার কর্তব্যরত উপ--পরিদর্শক সৈয়দ নাসের বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার গভীর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ৬৩/৩ সিদ্ধেশ্বরীর একটি বাসায় অভিযান চালায়। তারা ভবনের তৃতীয় তলায় জনি এবং ইমনের কক্ষ থেকে একটি ট্রাভেল ব্যাগের ভেতর লুকিয়ে রাখা দুই কেজি ছয়শ' গ্রাম হেরোইন উদ্ধার করেন। জনি নামে মহল্লার এক বড় ভাই ব্যাগটি তাদের কাছে রেখে গিয়েছিল বলে গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়। উদ্ধার করা হেরোইনের মোট দাম দুই কোটি ৬০ লাখ টাকা বলে পুলিশ জানায়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শামসুল আলম বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেছেন। সৈয়দ নাসের জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল (শনিবার) আদালতে হাজির করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসডি/২০৩৭ ঘ.