সাভার, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পৌর এলাকার সবুজবাগ মহল্লার বিদ্যাকানন প্রি--ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মোহাম্মদ তামিমকে (৮) অপহরণের ২২ ঘণ্টার মাথায় উদ্ধার করেছে র্যাব ও পুলিশ সদস্যরা।
শুক্রবার বিকাল ৩টার দিকে সিন্দুরিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সাভার থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক নাসিম উদ্দিন।
তিনি আরও জানান, অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শরীফ সিন্দুরিয়ায় তার নানা বাড়িতে শিশুটিকে নিয়ে তোলে। শরীফ সবুজবাগ এলাকারই সাহাবুদ্দিনের ছেলে।
এ ঘটনায় শুক্রবার বিকালে তামিমের বাবা আবু তাহের সাভার থানায় একটি অপহরণ মামলা করেছেন।
আবু তাহের জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার পর থেকে তামিমের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে তার মোবাইলে ফোন করে তামিমকে ফেরত পাওয়ার বিনিময়ে ২ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। তিনি তখন বিষয়টি থানা এবং র্যাব--১১ কার্যালয়ে জানান।
তিনি অভিযোগ করেন, তার মেয়ে তানিয়া আক্তারকে বিয়ে করতে চেয়েছিল শরীফ। কিন্তু এলাকায় বখাটে বলে পরিচিত শরীফের সঙ্গে বিয়ে না দিয়ে তানিয়াকে অন্যত্র বিয়ে দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে তামিমকে অপহরণ করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২১ ঘ.
bdnews24