২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরফের অভাবে সঙ্কট মাছ বাজারে

চাহিদা মতো বরফ না পাওয়ায় মাছ সংরক্ষণ করতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে বাজারে মাছের সরবরাহ কমে গেছে। এদিকে বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে বরফ উৎপাদন। মাছ ও বরফ ব্যবসায়ীরা জানিয়েছেন এ তথ্য। মাছ ব্যবসায়ীরা জানান, সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ায় মাছ আসছে অনেক। কিন্তু এর সঙ্গে তাল মিলিয়ে বরফ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তারা। বরফ না পাওয়ায় মাছে পচন ধরছে। তাই মাছ আনতে তারা অনাগ্রহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 07:38 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- চাহিদা মতো বরফ না পাওয়ায় মাছ সংরক্ষণ করতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে বাজারে মাছের সরবরাহ কমে গেছে। এদিকে বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে বরফ উৎপাদন। মাছ ও বরফ ব্যবসায়ীরা জানিয়েছেন এ তথ্য। মাছ ব্যবসায়ীরা জানান, সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ায় মাছ আসছে অনেক। কিন্তু এর সঙ্গে তাল মিলিয়ে বরফ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তারা। বরফ না পাওয়ায় মাছে পচন ধরছে। তাই মাছ আনতে তারা অনাগ্রহী। কারওয়ান বাজারের মাছের আড়তদাররা জানান, আগে বরফের একটি পাটা ৫০ থেকে ৬০ টাকায় কিনতেন তারা। এখন তা কিনতে হচ্ছে দু'শ থেকে তিনশ টাকায়। তারপরও চাহিদা অনুযায়ী বরফ মিলছে না। তাই অনেকেই বাধ্য হয়ে আইসক্রিম কোম্পানি থেকে বেশি দামে বরফ কিনছেন। তারা আরও জানান, বরফ সঙ্কটের কারণে মাছ পচে যাচ্ছে। তাই লোকসান দিয়ে বিক্রিতেও বাধ্য হচ্ছেন তারা। বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারে চাঁদপুরের এক পন (৮০টি) ইলিশ মাছ ৬ থেকে ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। অথচ কয়েকদিন আগেও এ দর ছিল ১২ হাজার টাকা। মাছ ব্যবসায়ীরা আরও জানান, সংরক্ষণ করতে না পেরে মাছ কেটে আড়তের চালে শুকাতে দিয়েছেন। যে মাছ শুকানো যাচ্ছে না তা ফেলে দিচ্ছেন। সোনালী নামে আড়তের কর্মচারী বিপ্লব জানান, বৃস্পতিবার সকালে দুই ড্রাম লটিয়া মাছ তারা ফেলে দিয়েছেন। বরফ সঙ্কটের কারণে খুচরা বাজারের বিক্রেতারা মাছ কিনতে চাচ্ছে না। খুচরা বিক্রেতা হারুন আল রশিদ বলেন, বরফ না পাওয়ায় লোকসান দিয়ে মাছ বিক্রি করে দিতে হচ্ছে। ৫০ টাকার বরফ দু'শ টাকায় কিনতে হচ্ছে। ফলে মাছের দামও যাচ্ছে বেড়ে গেছে। আবার বিক্রি না হলে সংরক্ষণের সুযোগও থাকছে না। কারওয়ান বাজারের বরফ ব্যবসায়ী মো. খোকন বলেন, লোডশেডিং এর কারণে বরফ উৎপাদন কমে গেছে। অন্যদিকে সাগরে ইলিশ ধরা পড়ার কারণে বরফের চাহিদা গেছে বেড়ে। ফলে সঙ্কট তৈরি হয়েছে। লালবাগের কামালবাগের আলো আইসের মালিক জানান, লোডশেডিং এর কারণে বরফ জমাট বাঁধতে পারছে না। তাই বাজারে সরবরাহ কমে গেছে। আবার বরফ ঠিকমতো জমাট বাঁধার আগেই পাইকারি বিক্রেতারা কিনে নিচ্ছেন। ওই বরফ আবার দ্রুত গলে যাচ্ছে। দেশে এখন সর্বোচ্চ পরিমাণ লোডশেডিং চলছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বৃহস্পতিবার সারাদেশে লোডশেডিং এর পরিমাণ ছিল ১০৭৪ মেগাওয়াট। এর আগের দিন ছিল ১১৩১ মেগাওয়াট। ২৯ ও ২৮ মে এর পরিমাণ ছিল যথাক্রমে ১২১২ ও ১১৯৭ মেগাওয়াট। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/এমএইচবি/১৩২৬ ঘ.