পঞ্চগড়, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- হত্যার অভিযোগে আটোয়ারী উপজেলার বামনকুমার আলোকপাড়া গ্রামের আকবর আলী ও হোসেনপাড়া গ্রামের মো. বইজুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
পঞ্চগড় জেলা ও দায়রা জজ মো. আফজাল হোসেন বুধবার এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য দুই আসামী মকবুল হোসেন ও আজিজুল হককে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, ঠাকুরগাঁও সদর থানার রুহিয়া বন্দরপাড়া গ্রামের তরিকুল ইসলামকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২০০৩ সালের ৩ মার্চ রাতে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে আবুল হোসেন পরদিন আটোয়ারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সরকার পক্ষে পিপি অ্যাডভোকেট নাজমূল হক এবং আসামীপক্ষে অ্যাডভোকেট আনিছুর রহমান ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম মামলা পরিচালনা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/এসএনডি/১৭১৩ ঘ.
bdnews24