২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বিএনপি নেতা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

পিরোজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত নাজির আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 06:00 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

পিরোজপুর, মে ২৯ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- পিরোজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত নাজির আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শহরের এলজিইডি ভবন সংলগ্ন বাসা থেকে কিসমতকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, কিসমতের বিরুদ্ধে জরুরি অধ্যাদেশে মামলা দায়ের করা হয়েছে। এদিকে মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে শহরের মাছিমপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয় আনোয়ার হোসেনকে। ওই সময় তার শ্যালিকা দিবাকেও গ্রেপ্তার করে যৌথবাহিনী। তাদের দুজনকে যৌথবাহিনীর ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আনোয়ারের বাসা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সূত্র জানায় উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি পয়েন্ট টু টু বোর পিস্তল, একটি ৭ এমএম রাইফেল, একটি দোনলা বন্দুক, পয়েন্ট টু টু বোরের ৫৬১ রাউন্ড গুলি, বন্দুকের গুলি ১৪৩ রাউন্ড, ৭ এমএম রাইফেলের গুলি ১৪ রাউন্ড। এছাড়াও ওই বাসা থেকে হরিণের দুটি চামড়া, বাঘের দাঁতসহ একটি চোয়াল, ছয় বোতল বিদেশি মদ ও সাতটি হরিণ উদ্ধার করা হয়। আনোয়ার হোসেনের বিরুদ্ধে সুন্দরবন কেন্দ্রিক বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকাসহ চাকরিতে থাকা অবস্থায় জেলা প্রশাসনে প্রভাব বিস্তারের মাধ্যমে নানা অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২২৫৭ ঘ.