২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনের দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ

নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণ সোমবার শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 03:33 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আশরাফ হোসেন মঙ্গলবার মামুনের বক্তব্য শুনবেন।

সোমবার আদালতে সাক্ষ্য দেন দুর্নীতি দমন কমিশনের চার কর্মকর্তা ও কর্মচারী। এরা হলেন-মোজাম্মেল হোসেন, আতাউল কবির, মিজানুর রহমান ও সাইদুল ইসলাম।

আসামী পক্ষের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম আদালতকে বলেন, দুর্নীতি দমন কমিশনের একদল কর্মকর্তা-কর্মচারী গিয়াসউদ্দিন আল মামুনের বাসায় নোটিশ দেওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে তারা তাকে ভয় দেখিয়েছেন। মামুনকে তারা কোনো নোটিশ দেননি।

জবাবে সাক্ষীরা ভয় দেখানোর অভিযোগ অস্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লিখিত আদেশ নিয়ে মামুনসহ আরো কয়েকজনের বাসায় তারা নোটিশ দিতে যান।

এদিকে সম্পত্তির হিসাব গোপন করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী মীর নাছির উদ্দিন ও তার ছেলে মীর হেলাল উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিশেষ জজ আদালত-২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে সোমবার চট্টগ্রাম কর অঞ্চলের সহকারী কর কমিশনার আমিরুল করিম মুন্সী, চট্টগ্রাম কর অফিসের প্রধান সহকারী শফিকুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের চৌধুরী ও ব্যবসায়ী সাদেক হোসেন চৌধুরী সাক্ষ্য দিয়েছেন।