২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেয়রের বিরুদ্ধে দুদকের আরও একটি মামলা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম জেলা কার্যালয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:18 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

‘বিজয় টিভি’ নামক স্যাটেলাইট চ্যানেল সম্প্রচারের নামে সিটি কর্পোরেশনের তহবিল থেকে এক কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৯৬৮ টাকা আত্মসাতের অপরাধে রোববার বিকালে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক আবু মো. আরিফ সিদ্দিকী।

এর আগে ২৪ মে একই ব্যক্তি বাদী হয়ে মেয়রসহ পাঁচজনকে আসামী করে প্রথম মামলাটি দায়ের করেছিলেন। সিটি কর্পোরেশনে পাঁচটি ডাম্পিং ট্রাক ও একটি গ্রেডার সরবরাহের ক্ষেত্রে ৮৩ লাখ ৪৯ হাজার টাকা অনিয়ম করা হয়েছিল বলে মামলাটিতে অভিযোগ করা হয়।

রোববার কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক হারুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, মামলার অভিযোগে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাস ভঙ্গ করে সরকারের বিনা অনুমতিতে ‘বিজয় টিভি’ নামে স্যাটেলাইট টিভি চ্যানেল সম্প্রচারের কথা বলে উল্লিখিত পরিমাণ টাকা আত্মসাতের কথা বলা হয়েছে।

এই মামলায় মেয়রসহ চারজনকে আসামী করা হয়েছে। অপর তিনজন হলেন-সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. মোকতার আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শহীদুল্লাহ এবং চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) পরিচালক আহমেদ ইকবাল হায়দার।

গত বছরের ১৬ ডিসেম্বর থেকে বিজয় টিভি সম্প্রচার শুরু হয় এবং সরকারের নির্দেশের পর এ বছরের ১৩ মার্চ থেকে এই টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

মামলার এজাহারে বাদী আরও বলেন, সুপরিকল্পিতভাবে কর্পোরেশনের টাকা আত্মসাৎ করার উদ্দেশে আসামীরা ক্ষমতার অপব্যবহার করে গত বছরের ১৩ ডিসেম্বর থেকে বিজয় টিভি চালুর সিদ্ধান্ত নেন। এজন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ের অনুমতি নেননি তারা। এটা দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

উপ পরিদর্শক হারুন জানান, মাসিক ভাড়ার ভিত্তিতে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে স্থানীয় এজেন্টের মাধ্যমে গত বছরের ১৬ ডিসেম্বর থেকে টিভিটির সম্প্রচার শুরু করা হয় বলে এজাহারে বলা হয়েছে। এটি করতে গিয়ে তারা দ্’ুদফায় সিটি কর্পোরেশনের বিভিন্ন খাত থেকে এক কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন। এর মধ্যে এক কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৯৬৮ টাকা ব্যয় দেখিয়ে মেয়র নিজেকে এবং অপরকে আর্থিকভাবে লাভবান করেছেন।

মেয়র মহিউদ্দিন চৌধুরীকে গত ৭ মার্চ রাতে আটক করা হয়। এরপর ৮ মার্চ মেয়রকে জরুরী বিধিমালা ২০০৭ এর ১৬ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত আইনের একটি মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়।