সাতক্ষীরায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার
কালীগঞ্জে তিনটি অস্ত্র, আট রাউন্ড গুলি এবং ৪৮১ বোতল ফেন্সিডিলসহ তালিকাভুক্ত সন্ত্রাসী হাসান মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহহেল বাকী জানান, শুক্রবার সকালে কালিগঞ্জের ভূমিহীন জনপদ বৈরাগীর চকে নিজবাড়ি থেকে একটি বিদেশি পিস্তলসহ হাসান মীরকে (৩২) গ্রেপ্তার করা হয়। এরপর দুপুরে তার স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকার চাঁদখালীর গফুর গাইন ও আমজাদ গাইনের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
ওই সময় গফুর গাইনের বাড়ি থেকে ৪৮১ বোতল ফেন্সিডিল এবং আমজাদ গাইনের বাড়ি থেকে বন্দুকের ছয়টি কার্তুজ, রাইফেলের দুটি গুলি এবং দুটি পাইপগান উদ্ধার করে পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গফুর গাইন ও আমজাদ গাইন পালিয়ে যায় বলে জানান পুলিশ সুপার বাকী।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি পৃথক মামলা হবে বলে জানান তিনি।
