দুর্নীতি দমন কমিশনের হয়ে মামলা লড়বেন ১৪ আইনজীবী
দুর্নীতিবাজদের বিরুদ্ধে দায়ের করা মামলা পরিচালনায় ১৪ জন আইনজীবী নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন।
গত ১৭ মে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
তবে নিয়োগ করা আইনজীবীদের পারিশ্রমিকের হার কীভাবে নির্ধারণ করা হবে সে বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
ওই কর্মকর্তা জানান, ১৭ তারিখের বৈঠকে ‘হাইপ্রোফাইল দুর্নীতিবাজদের’ বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান ও তদন্ত কাজে আইনগত সহায়তা এবং মামলা পরিচালনার জন্য ১৪ জন দক্ষ আইনজীবী নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়।
আইনজীবী হিসেবে যাদের নাম চূড়ান্ত হয়েছে তারা হলেন, এম আর হাসান, মো. আব্দুল হক, সৈয়দ শামীম আহসান হাবিব, এ কে এম আব্দুস সালাম, হারুন-অর-রশীদ, শেখ গোলাম হাফিজ, মো. খোরশেদ আলম, মোশাররফ হোসেন কাজল, এহসানুল হক, ইসমাইল মিয়া, আবু নাসের সিদ্দিক, রফিকুল ইসলাম বেনু, মঞ্জুর মো. শাহনেওয়াজ টিপু ও এ এফ এম গোলাম ফাত্তাহ।
এদের মধ্যে এ কে এম আব্দুস সালাম ও এ এফ এম গোলাম ফাত্তাহ ইতিমধ্যেই জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে কমিশনের পক্ষে কাজ করছেন। মীর মো. নাছিরউদ্দিন ও তার ছেলে মীর হেলালউদ্দিনের বিরুদ্ধে মামলার কাজ চালাচ্ছেন আব্দুস সালাম এবং বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা পরিচালনা করছেন গোলাম ফাত্তাহ।
পারিশ্রমিকের বিষয় নিয়ে জানরেত চাইলে এ এফ এম গোলাম ফাত্তাহ বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন,“আমাদের কাজ করতে বলা হয়েছে। পারিশ্রমিক সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে সম্মানজনক পারিশ্রমিকই দেওয়া হবে বলে কমিশনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।”
