২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বন্দরের ইমিগ্রেশন কাউন্টার পরিদর্শনে ড. ইফতেখার

বিমানবন্দরে প্রবাসী কর্মীরা যেন কোনোভাবেই হয়রানির স্বীকার না হন, সে দিকে দৃষ্টি রাখার জন্য ইমিগ্রেশন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 10:35 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

তিনি বুধবার আকস্মিকভাবে বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টার পরিদর্শন করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।

কর্মকর্তাদের উদ্দেশে ড. ইফতেখার বলেন, প্রবাসী কর্মীরা আমাদের বৈদেশিক মুদ্রার বেশির ভাগ যোগান দিচ্ছে। তাই তারা আমাদের কাছে সবচেয়ে ভালো আচরণ ও সেবা পাওয়ার অধিকারী। তাই আসাÑযাওয়ার কালে কোনোভাবেই যাতে তারা হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।

উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কোনোভাবেই দুর্নীতি বরদাশত করবে না। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ইফতেখার চৌধুরী ওই সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বিমানবন্দরে স্থাপিত ‘প্রবাসী কণ্যাণ বুথ’ও পরিদর্শন করেন।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম নাজিমউল্লাহ চৌধুরী, জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক আবদুল মালেক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হাসিব আজিজ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা ওই সময় উপস্থিত ছিলেন।