২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ১৯০০ কোটি টাকা দেবে ইউরোপীয় কমিশন

দারিদ্র্য বিমোচন ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশকে চার বছরে এক হাজার নয়শ কোটি টাকা দেবে ইউরোপীয় কমিশন। চলতি ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে এ অর্থ পাবে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 05:41 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

এ বিষয়ে মঙ্গলবার সকালে জাতীয় অর্থনীতি কাউন্সিল মিলনায়তনে সরকার ও ইউরোপীয় কমিশনের  মধ্যে ‘ইউরোপীয় কমিশন সহযোগিতা ২০০৭--২০১০’ শীর্ষক সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সবিচ আমিনুল ইসলাম ভূঁইয়া এবং ইউরোপীয় কমিশনের পক্ষে রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন চুক্তিতে সই করেন।

স্টিফেন ফ্রোয়েন পরে সাংবাদিকদের বলেন, “দারিদ্র বিমোচনে আমাদের অঙ্গীকার পূরণের অংশ হিসেবে ইউরোপীয় কমিশন আগামী চার বছর বাংলাদেশকে এ সাহায্য দেবে। মূলত দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ সহায়তা দেওয়া হচ্ছে।” 

তিনি বলেন, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য ইউরোপীয় ইউনিয়ন তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে। এগুলো হলো, মানবিক ও সামাজিক উন্নয়ন, সুশাসন ও মানবাধিকার এবং অর্থনৈতিক ও বাণিজ্য খাতের উন্নয়ন।

সরকারের দারিদ্র বিমোচন কৌশলপত্রের রূপরেখা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের দেওয়া এ সাহায্য ব্যবহার করা হবে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানিয়েছে।