জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত দেশে তেমন কোনো কাজ হয়নি
গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে দেশে তেমন কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। ফলে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়নের হার সন্তোষজনক নয়।
সোমবার মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ বৈঠকের পর মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠক সম্পর্কে জানাতে গিয়ে আলী ইমাম মজুমদার বলেন, প্রধান উপদেষ্টা এডিপি বাস্তবায়ন দ্রুততর করার তাগিদ দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নিদের্শ দিয়েছেন। এছাড়া প্রশাসনে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (ওএসডি) সংখ্যা জরুরি ভিত্তিতে কমিয়ে আনতে বলেছেন তিনি।
সচিব জানান, বর্তমানে দুইশ ওএসডি রয়েছেন।
আলী ইমাম জানান, সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে যেসব সমস্যার মুখে পড়তে হচ্ছে প্রধান উপদেষ্টাকে সেসব জানিয়েছেন সচিবরা।
তিনি বলেন, সরকারি কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে নানা রকম সীমাবদ্ধতা থাকে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ‘সময়’। অল্প সময়ের মধ্যে সবকিছু করা সম্ভব নয়।
তিনি আরো বলেন, গত জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে দেশে তেমন কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। ফলে এডিপি বাস্তবায়নের হারও সন্তোষজনক নয়।
অবশ্য এডিপি বাস্তবায়নের হার এখন কত জানতে চাইলে তিনি বলেন, এখনকার হার তার জানা নেই।
বৈঠকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার জন্য যোগাযোগ ব্যবস্থা আরো সহজ করার পাশাপাশি বাজারের সংখ্যা বাড়ানোর কথাও বলেন তিনি।
প্রধান উপদেষ্টা আরো বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সচিবালয়ে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, একই ব্যবস্থা পর্যায়ক্রমে সারা দেশের সরকারি অফিসগুলোতেও নেওয়া হবে।
