স্বায়ত্বশাসন পাচ্ছে বিটিভি ও বেতার
রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্বশাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার । এছাড়া সাংবিধানিক সীমাবদ্ধতার কারণে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার সংখ্যা না বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে। আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সোমবার দুপুরে সচিবালয়ে তার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, “২০০১ সালের ১৭ই জুন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের স্বায়ত্বশাসনের জন্য একটি আইন অনুমোদনের পরও সেটি এতদিন ফাইলবন্দি ছিল। বর্তমান সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই আইনটি বাস্তবায়ন করবে।”
উপদেষ্টা জানান, আইনটি বাস্তবায়নের প্রথম ধাপে শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে অভিজ্ঞদের নিয়ে কমিটি করা হবে। এটি পুরোপুরি কার্যকর হওয়ার পর দুটি আলাদা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে পরিণত হবে বাংলাদেশ টেলিভিশন ও বেতার।
মইনুল হোসেন আরও জানান, সাংবিধানিক সীমাবদ্ধতা থাকায় আইন কমিশনের পরামর্শ অনুসারে নতুন উপদেষ্টা নিয়োগের পরিকল্পনা থেকে সরকার সরে এসেছে। অবশ্য কাজের সুবিধার জন্য পরামর্শক নিয়োগ করা যায় কিনা সেটি ভেবে দেখা হচ্ছে।
উপদেষ্টা বলেন, প্রচুর কাজের চাপ থাকলেও উপদেষ্টারা এখন অনেক স্বাধীনভাবে তাদের মন্ত্রণালয়ের কাজ করতে পারছেন।
এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, বহুল আলোচিত র্যাংগস ভবন ভাঙার নীতিগত সিদ্ধান্তে সরকার এখনও অটল রয়েছে। তবে মালিক পক্ষের দায়ের করা দুটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এ ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে।
আইনি জটিলতা শেষ হলেই র্যাংগস ভবনের বিষয়ে সরকার নিদ্ধান্ত নেবে বলে উপদেষ্টা জানান।
