ফরিদগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার
ফরিদগঞ্জ উপজেলার রূপসায় রোববার দুপুরে রনজন ভানু (১৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী মো. বিল্লাল হোসেনকে (২৫) আটক করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার উপ পরিদর্শক আবুল বাসার জানান, ২ মাস ৪ দিন আগে বিল্লালের সঙ্গে রনজনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাশুড়ি শামসুন্নাহার ছেলে বিল্লালকে বিদেশ পাঠানোর জন্য যৌতুক হিসেবে রনজনকে ভিসা জোগাড় করে দিতে বলে। কিন্তু রনজন তা না করায় তার ওপর অত্যাচার করা হতো।
রোববার ভোরে বাড়ির ঘাটলায় জনৈক দুলালের স্ত্রী ওযু করার সময় রক্তাক্ত অবস্থায় রনজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী বিল্লালকে আটক করা হয়েছে। নিহত রনজনের নাকে ও কানে রক্ত ছিল এবং পিঠে জখম ছিল বলে জানান তিনি।
এ ব্যাপারে রনজনের বাবা জয়নাল আবদীন শাশুড়ি শামসুন্নাহার ও স্বামী বিল্লাল হোসেনকে আসামী করে থানায় একটি মামলা করেছেন।
