আদালতে হাজির হতে বরিশালে মেয়রের ভাইয়ের বাড়িতে নোটিশ টানানোর নির্দেশ
সিটি মেয়র মজিবর রহমান সরোয়ারের ছোট ভাই এবং এক কমিশনারসহ আট পলাতক আসামীকে আদালতে হাজির হতে তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে নোটিশ ঝুলানোর নির্দেশ দিয়েছে আদালত।
সরকারি কাজে বাধা দান এবং টেলিফোন বিল না দেওয়ার মামলায় বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিম হাসান মামলার তদন্ত কর্মকর্তাকে এ নির্দেশ দেন।
মুনিম হাসান বলেন, জরুরি অধ্যাদেশ ও দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামীদের আদালতে হাজির করার জন্য তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে নোটিশ টানানোর বিধান রয়েছে।
মামলার আসামী মেয়রের ভাই মিজানুর রহমান অহিদ এবং ওয়ার্ড কমিশনার মোশাররফ হোসেন বাদশাসহ আট জনের বিরুদ্ধে ইতিপূর্বে গ্রেপ্তারি পরোয়ানা জারিসহ তাদের মালামাল ক্রোকেরও নির্দেশ দেওয়া হয়।
আদালতের নির্দেশে মেয়রের ভাইয়ের বাসার মালামাল ক্রোক করতে বুধবার অভিযান চালায় কোতয়ালী থানা পুলিশ। কিন্তু কাঠের তৈরি চেয়ার টেবিল ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।
সরকারি কাজে বাধাদানসহ প্রায় কোটি টাকা বকেয়া টেলিফোন বিল আদায়ের জন্য টিঅ্যান্ডটির বিভাগীয় প্রকৌশলী সুভাষ চন্দ্র রায় বাদী হয়ে চলতি বছরের ১৩ মার্চ কোতয়ালী থানায় মামলাটি করেন।
মামলার অভিযোগ করা হয়, ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় আসার পর রোমান্স টেলিকমের মালিক মিজানুর রহমান তালুকদার এবং তার ভাই মামুন রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং প্রকৌশলীদের হত্যার হুমকি দিয়ে ১২ টি টেলিফোন সংযোগ পাস করিয়ে নেন। মিজানের নেতৃত্বে সন্ত্রাসীরা ২০০২ সালের ২৩ এপ্রিল বেলা ১১টার দিকে লাইনম্যান ইয়ার মোহম্মদ, হাবিব এবং মোতাহার হোসেনকে মারধর করে ওই সংযোগগুলো দিতে বাধ্য করে।
চলতি বছরের ১ মার্চ যৌথবাহিনী গ্রেপ্তার করে মিজান ও মামুনকে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তাদের সঙ্গে মেয়রের ভাই অহিদ এবং কমিশনার বাদশাসহ আরও আট জন জড়িত ছিল। সে অনুযায়ী ৩ মে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মাহমুদ মোট ১০ আসামীর বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দেন।
