৫৩ নেতা কর্মী অ্যাডভাইজরি বোর্ডে
দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বিএনপি ও আওয়ামী লীগের সরকারের সাবেক ছয় মন্ত্রী প্রতিমন্ত্রী ও সাংসদসহ ৫৩ নেতা--কর্মীকে হাইকোর্টের এ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার আদালতে হাজির এসব নেতা--কর্মীর মধ্যে রয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, পূর্তমন্ত্রী মির্জা আব্বাস, আওয়ামী লীগ নেতা ও সাবেক পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক বিএনপি সাংসদ নাসিরউদ্দিন পিন্টু ও হাফিজ ইব্রাহীম, জামায়াত নেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ, সাবেক সচিব আ ন হ আতার হোসেন, সিবিএ নেতা বি এম বাকির হোসেন।
বৃহস্পতিবার বিচারপতি আবদুল মতিন, ও বিচারপতি আলী আসগর খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের সমন্বয়ে গঠিত তিন সদস্যের এ্যাডভাইজরি বোর্ডে তাদের হাজির করা হল।
এসব নেতাকর্মীর আটকাদেশের মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্তের জন্য তাদের এই বোর্ডে হাজির করা হয়।
বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী কোন আটকাদেশ প্রাপ্ত ব্যক্তির আটকাদেশের মেয়াদ ১২০ দিনের বেশি বাড়াতে হলে এ ১২০ দিনের মধ্যেই হাইকোর্টের এ্যাডভাইজারি বোর্ডের অনুমোদন প্রয়োজন বলে এসব নেতাকর্মীকে বোর্ডে হাজির করা হয়।
জরুরি অবস্থা জারির পর মার্চের প্রথম সপ্তাহে এসব নেতা কর্মীকে গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেওয়া হয়।
