দেশ পুলিশি রাজ্য নয়--মইনুলের দাবি
জরুরি অবস্থাকে কোনো সমস্যা বলে মনে করছেন না সরকারের আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। তার দাবি এর ফলে দেশ পুলিশি রাজ্যও হয়ে যায়নি। তিনি মনে করেন, একরকম বাধ্য হয়েই দেশে জরুরি অবস্থা জারি করতে হয়েছিল।
বুধবার সাংবাদিকদের উপদেষ্টা বলেন, একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্যই সময়ের প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং এ অবস্থা বেশিদিন রাখার ইচ্ছে সরকারের নেই বলে জানান ।
এশীয় উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা ফিরোজ আহমেদ এবং গম্ভীর ভট্টের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কার্যালয়ে বৈঠক শেষে মইনুল হোসেন এসব কথা বলেন।
মইনুল বলেন, “জরুরি অবস্থা জারির ফলে দেশ পুলিশি রাজ্যে পরিণত হয়নি। ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে না নিলেও তেমন সমস্যা হচ্ছে না। প্রকাশ্য রাজনীতি নেই, তবে সব রাজনীতিবিদই কথা বলছেন। লন্ডন থেকে এসে রাজনৈতিক নেতারা সিলেটে গোপনে বৈঠক করেছেন।”
তিনি বলেন, “আমরা ঘরোয়া রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে। তবে তার আগে দেখতে হবে যে এর ফলে জনগণের নিরাপত্তা বিঘিœত হয় কিনা।”
জরুরি অবস্থা সম্পর্কে আন্তর্জাতিক মহলে নেতিবাচক প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “আমাদের দেশ নিয়ে আমাদেরকেই চিন্তা করতে হবে। বিদেশিরা অনেক কথাই বলে। আমরা চাই তারা আমাদের সঙ্গে কথা বলুক এবং আমাদেরকে সহযোগিতা করুক।”
আইন উপদেষ্টা জানান, এডিবির সঙ্গে আলোচনায় সুশাসন, বিচার বিভাগ আলাদা করা, স্থায়ী প্রসিকিউশন সার্ভিস চালুর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, উচ্চ আদালতে বিচারক নিয়োগ নিয়েও আলোচনা হয়।
