নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করে হাইকোর্টে এক ব্যক্তির রিট
চাঁদপুরের চান মিয়া নামের এক ব্যক্তিকে স্বাধীনতার ঘোষক দাবি করে ওই ব্যক্তির পক্ষে হাইকোর্টে রিট করেছেন ‘রিট মাস্টার’ বলে পরিচিত অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়ে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হলে একই রকমের ঘোষণা দিয়ে চান মিয়াও স্বাধীনতার ঘোষক বলে দাবি করা হয়েছে রিটটিতে।
আগামী রোববার হাইকোর্টে রিটটির শুনানি হতে পারে।
মঙ্গলবার হাইকোর্টে রিটটি দায়ের করা হয়েছে বলে রিটকারী চাঁদপুরের হাজীগঞ্জের রাজাগাও গ্রামের ব্যবসায়ী চাঁন মিয়ার কৌসুলি রিট মাস্টার আবু বকর সিদ্দিকী নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন। তিনি বলেন, রবিবার হাইকোর্টের যে কোন একটি রিট বেঞ্চে রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।
আবেদনে বলা হয়েছে, ১৯৯৬ সালের সমাজ বিজ্ঞান পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা ঢাকার মগবাজার বেতার কেন্দ্র থেকে পাঠানো হলে তিনি তা চাঁদপুরের ষোলঘর বেতার কেন্দ্রে বসে পান ১৯৭১ সালের ২৬ মার্চ সকাল ৭ টায়। ছাত্র চাঁন মিয়া সেদিনই সকাল ৮ টায় চাঁদপুর কলেজে গিয়ে স্বাধীনতার ঘোষনা দেন। তাই চাঁন মিয়াও বাংলাদেশের স্বাধীনতার ঘোষক।
এতে আরও বলা হয়েছে, চান মিয়া ২০০০ সালে নিজেকে স্বাধীনতার ঘোষক ঘোষণার আবেদন করেন তৎকালীন প্রধানমন্ত্রী দপ্তরে। কিন্তু তার আবেদনের কোন সাড়া মেলেনি। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়েও একই আবেদন জানালেও কোন ফল হয়নি।
আবেদনে বলা হয়েছে, চাঁন মিয়া যে স্বাধীনতার ঘোষক সে বিষয়ে ২০০০ ও ২০০১ সালে ঢাকার দৈনিক পত্রিকা সোনালী বার্তাসহ চাঁদপুরের বিভিন্ন স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাছাড়া চাঁদপুরের প্রতি বছর যে মুক্তি যুদ্ধ মেলা হয় সেখানে চান মিয়া স্বাধীনতার ঘোষক হিসাবে প্রতিবছর বক্তব্য রাখেন।
