মেয়র এখন সুস্থ আছেন-হাসিনা মহিউদ্দিন
চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ‘এখন আপাতত সুস্থ আছেন’ বলে জানিয়েছেন মেয়র পত্নী হাসিনা মহিউদ্দিন।
সোমবার বিকাল সাড়ে চারটায় স্বামীর সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দেখা করে আসার পর তিনি সাংবাদিকদের জানান, মেয়র এখন আপাতত সুস্থ আছেন। মেয়র তার এবং চার মেয়ের সঙ্গে কথা বলেছেন এবং পরিবারের সকলের খোঁজ খবর নিয়েছেন বলে হাসিনা মহিউদ্দিন জানান।
একই সঙ্গে মেয়র দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে তিনি জানান।
হাসিনা মহিউদ্দিন চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন মেয়রের চিকিৎসা নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন। তিনি ও তাদের চার মেয়ে মেয়রের পাশে প্রায় বিশ মিনিট একান্ত সময় কাটিয়ে বিকাল সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে বের হন।
প্রশ্নোত্তরে তিনি জানান, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মেয়রের সুচিকিৎসা প্রয়োজন।
এর আগে মেয়র পত্নী জেলা প্রশাসকের বিশেষ অনুমতি নিয়ে বিকেল তিনটার দিকে চমেক হাসপাতালে মেয়রের সঙ্গে দেখা করতে যান। এই অনুমতির জন্য তাকে সকাল থেকে প্রায় ছয় ঘন্টা জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের কাছে ছোটাছুটি করতে হয়েছে বলে তিনি জানান। বান্দরবান কারাগার থেকে রোববার গভীর রাতে মেয়রকে চমেক হাসপাতালে আনা হয়।
বিকাল তিনটায় হাসপাতালে প্রবেশের আগে মেয়র পত্নী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “মেয়রের সুচিকিৎসার দায়িত্ব পুরোপুরি বর্তমান সরকারের। কীভাবে তার চিকিৎসা হবে তা সরকারই ভালো বলতে পারবে।”
হাসিনা মহিউদ্দিন বলেন, “এর আগেও দুইবার প্রধান উপদ্ষ্টোর কাছে হৃদরোগ, বহুমূত্র, চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মেয়রের সুকিৎসার জন্য আবেদন করা হলেও সরকারের অন্তর গলেনি।”
“গতকাল মধ্যরাতে যে পরিস্থিতিতে মেয়রকে হাসপাতালে আনা হয়েছিল তাতে তার কিছু হলে ওই দায় কে নিত”-তিনি পাল্টা প্রশ্ন করেন।
মেয়র পত্নী আরও বলেন, “তিনবারের নির্বাচিত একজন জনপ্রতিনিধিকে সরকার কেন বান্দরবানের মতো একটা দুর্গম পাহাড়ি এলাকায় রাখলেন তা আমার বোধগম্য হয়নি।”
এদিকে, মেয়রের অবস্থা পর্যবেক্ষণের জন্য মঙ্গলবার সকালে আবারও ১০ সদস্যের মেডিকেল বোর্ড বৈঠকে বসবে বলে জানান বোর্ডের প্রধান ও হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক মনজুর মোরশেদ।
মেয়র মহিউদ্দিনকে রোববার রাত আড়াইটার দিকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এজন্য হাসপাতাল চত্বরে র্যাব, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটেলিয়নের করা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
