২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোববার এক নবজাতক চুরি হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশও তদন্ত শুরু করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 09:46 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে প্রসূতি বিভাগের ৩৩ নম্বর ওয়ার্ডের পি-২০ নম্বর শয্যার হাসিনা আকতারের (২৪) সিজার অপারেশনের মাধ্যমে একটি শিশু ভুমিষ্ঠ হয়। রোববার দুপুর একটার দিকে প্রসূতি বিভাগে হাসিনা আখতার সন্তান নিয়ে শুয়ে ছিলেন। এ সময় বয়স্কা এক মহিলা নবজাতকটিকে আদরের ছলে কোলে তুলে নিয়েই দৌড় দেয়। হাসিনার স্বামী শামসুল ইসলাম তা দেখে পেছনে দৌড়ে যান। কিন্তু ওয়ার্ডের বাইরে গিয়ে ওই মহিলা বা তার শিশু সন্তানের কোনও হদিস করতে পারেননি তিনি।

প্রসূতি ও গাইনীর বিভাগীয় প্রধান ডাক্তার নাসিমা বেগম বলেন, ঘটনাটি জানান সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

নবজাতক চুরির সঙ্গে হাসপাতালের আয়ারা জড়িত কি না, জানতে চাইলে নাসিমা বেগম বলেন, কাজটি যেই করুক তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।

ঘটনাটি তদন্তে আসা পাঁচলাইশ থানার উপ পরিদর্শক মুজিবুর রহমান বলেন, তদন্ত শুরু হয়েছে। জুলি নামে সন্দেহজনক এক মহিলাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হাসিনা আকতারের বাড়ি বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার।