জনগণ সচেতন হলে দুর্নীতিবাজরা পালানোর পথ পাবে না: হাসান মশহুদ
দুর্নীতি প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলেও জনমত গড়ে তোলার ওপর জোর দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। তিনি বলেছেন, জনগণ যদি সচেতন হয়, তাহলে দুর্নীতিবাজরা পালানোর পথ পাবে না।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান রোববার কক্সবাজার এবং পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সফর করেন। সফরকালে জেলাগুলোয় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। পরে বিকেলে তিনি চট্টগ্রামে ফিরে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন। (আরো তথ্যসহ)
বিডিনিউজ টোয়েন্টিফোর এর প্রতিনিধিদের পাঠানো খবর-
কক্সবাজার: সকাল ৯টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে মতবিনিময় সভায় হাসান মশহুদ চৌধুরী বলেন, দুর্নীতিকে না বলার এখনই সময়। দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এ আন্দোলনে শরিক হতে চান তারা এগিয়ে আসুন। পরিবার, সমাজ, বন্ধু-বান্ধব, গ্রাম-গঞ্জে দুর্নীতিবিরোধী কার্যক্রম ছড়িয়ে দিন।
সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুর রহমান অপু, পুলিশ সুপার মনোজ কুমার মজুমদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রাঙ্গামাটি: পৌর মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন, আমরা না চাইলেও বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্বীকৃত। এখন আমাদের এ কালিমা দূর করতে হবে। যার যার অবস্থান থেকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
হাসান মশহুদ বলেন, এখন যদি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো না যায়, তবে পরে সে সুযোগ নাও থাকতে পারে।
সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হারুনুর রশীদ খান, পুলিশ সুপার আব্দুল বাতেন, চেম্বার অব কমার্সের সভাপতি কাজী নজরুল ইসলাম, রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিরুপা দেওয়ান, ইউপি চেয়ারম্যান অংসি প্রু চৌধুরী প্রমুখ।
খাগড়াছড়ি: উপজাতীয় সংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে মতবিনিময় সভায় হাসান মশহুদ চৌধুরী বলেন, দুর্নীতি দমনে সবার আগে দরকার আমাদের সদিচ্ছা। শুধু সেমিনার, গোলটেবিল বৈঠক করলে চলবে না, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আর তা প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দিতে হবে।
দুর্নীতি রোধে স্ব-উদ্যোগে ফোরাম গড়ে তোলার আহ্বান জানান হাসান মশহুদ।
সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহাদৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আলী আজম, মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান পাটোয়ারী, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিলা তালুকদার প্রমুখ।
চট্টগ্রাম: বিকেল চারটায় নগরীর মুসলিম ইন্সটিটিউট হলে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান মশহুদ চৌধুরী বলেন, সমাজের সৎ ব্যক্তিদের নিয়ে জেলা উপজেলা ও গ্রাম পর্যায়ে দুর্নীতি বিরোধী ফোরাম গড়ে তুলতে হবে। এধরনের ফোরাম গঠনের ক্ষেত্রে জেলা প্রশাসক নেপথ্যে থেকে জনগণকে সহযোগিতা করতে পারেন।
তিনি বলেন, বার বার আমরা দুর্নীতিতে শীর্ষ অবস্থানে থেকেছি। এ অবস্থান থেকে আমরা সরে আসতে চাই। টিআইবি’র জরিপে দুর্নীতিগ্রস্থ দেশের নতুন তালিকা প্রকাশের আগেই আমরা কিছু একটা করতে চাই।
সবাইকে সম্মিলিতভাবে দুর্নীতি বিরোধী অভিযানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কমিশনের চেয়ারম্যান বলেন, সমস্যাটি প্রকট, বিস্তৃত ও কলঙ্কময়। এর বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়তে হবে। কোন রাজনৈতিক দল দুর্নীতিতে এগিয়ে তা বিবেচ্য নয়। কেননা এ লজ্জা সবার।
চট্টগ্রামের জেলা প্রশাসক আল নূরী ফয়জুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময়সভায় আরো বক্তৃতা দেন বিভাগীয় কমিশনার মোখলেসুর রহমান, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মোহাম্মদ আমীর উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দিন এবং চট্টগ্রাম মহিলা চেম্বার অব কমার্স এর চেয়ারপারসন মনোয়ারা হাকিম আলী।
