২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজার ও তেজগাঁওয়ে ১৬/১৭ ঘণ্টা লোডশেডিং

ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় রাজধানীর মগবাজার ও তেজগাঁও এলাকায় ভয়াবহ বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 06:40 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

শুক্রবার দক্ষিণ বেগুনবাড়ির ৩৩/১১ কেভি সাবস্টেশনের একটি ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে তেজগাঁও, মগবাজার, বাংলামোটর, বড়মগবাজার, নয়াটোলা, মীরবাগ ও মধুবাগ এলাকায় প্রতিদিন ১৬/১৭ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডেসা) জানিয়েছে, নতুন ট্রান্সফরমার সংযোজন করার পর আগামী বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

ডেসার মগবাজার নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আব্দুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, বেগুনবাড়ি সাবস্টেশনের আওতাধীন এলাকায় প্রতিদিন বিদ্যুতের গড় চাহিদা ৪২ থেকে ৪৪ মেগাওয়াট। ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় এখন দিনে ২১/২২ মেগাওয়াট সরবরাহ করা সম্ভব হচ্ছে।

বেগুনবাড়ি সাবস্টেশনের নির্বাহী প্রকৌশলী সারোয়ার এ কায়েনাত মোহাম্মদ নূর বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, নতুন একটি ট্রান্সফরমার ইতোমধ্যে সাবস্টেশনে এসে পৌঁছেছে। সংযোজনের পর আগামী বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।