২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিবিদদের জনগণের পক্ষে কাজ করার সুযোগ দিন: ড. আতিউর রহমান

রাজনীতিবিদদের জনগণের পক্ষে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। একইসঙ্গে তিনি বলেছেন, রাজনৈতিক সমস্যার কারিগরি সমাধান না খুঁজে রাজনৈতিক পথেই সমাধান খুঁজতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 04:49 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

রোববার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুলার পুওর (ডরপ) আয়োজিত ‘পিআরএসপি বাস্তবায়নে জাতীয় বাজেটে মাতৃত্বকালীন ভাতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে ‘উন্নয়ন সমুন্বয়’ এর চেয়ারম্যান ড. আতিউর রহমান এ কথা বলেন। বিশ্ব মা দিবস উপলক্ষে ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

ড. আতিউর রহমান বলেন, “আপনারা রাজনীতিবিদদের গালাগাল করতে পারেন। কিন্তু রাজনীতিবিদরাই জনগণের কাছে জবাবদিহি করেন। রাজনৈতিক সমস্যার কারিগরি সমাধান খুঁজে লাভ হবে না; রাজনৈতিক সমাধান খুঁজতে হবে। রাজনীতিবিদদের জনগণের পক্ষে কাজ করার সুযোগ করে দিন।”

তিনি বলেন, দেশে প্রসূতিমৃত্যুর হার কমে আসছে। কিন্তু এখনকার হারে কমলেও সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) আমরা অর্জন করতে পারব না। এমডিজির একটি বড় লক্ষ্য মা ও শিশু মৃত্যুর হার কমানো। এ জন্য বিশেষ বাজেট রাখতে হবে। ডরপের মাতৃত্বকালীন ভাতা কর্মসূচি একটি ভালো উদ্যোগ। এরই মধ্যে এর সুফল পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, প্রসূতিমৃত্যু কমে আসলেও এ ব্যাপারে এখনও অনেক কিছু করার আছে। পিআরএসপিতে বলা হয়েছে নারীর ক্ষমতায়ন বাড়াতে হলে মা ও শিশু মৃত্যুর হার কমাতে হবে।

তিনি আরো বলেন, এজন্যই আমরা মাতৃত্বকালীন ভাতা দেওয়ার প্রস্তাব করেছি। এ জন্য স্বাস্থ্যখাতে বাজেট খুব বেশি বাড়াতে হবে না।

অনুষ্ঠানের সভাপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এস এম শাহজাহান বলেন, মা ও শিশুকে অন্ধকারে রেখে কেউ পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। ভাতা হচ্ছে জনগণের টাকা। এ টাকায় আলোকিত মা গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন-জেন্ডার হেলথের বাংলাদেশ প্রতিনিধি ডা. আবু জামিল ফয়সল। এতে বলা হয়, দেশের সাড়ে চার হাজার ইউনিয়নের সাড়ে চার লাখ মাকে মাসে দু’শ টাকা করে ভাতা দেওয়া হলে ২ বছরে খরচ হবে ১১৩ কোটি টাকা। এর মধ্যে ব্যবস্থাপনা ব্যয় হবে পাঁচ কোটি টাকা। বাকি ১০৮ কোটি টাকা ভাতা হিসাবে দেওয়া হবে। এতে করে মা ও শিশু মৃত্যুর হার কমে আসবে।

২০০৫ সাল থেকে ডরপ পাইলট প্রকল্প হিসাবে চট্টগ্রামের বাঁশখালীতে ২০ জন হতদরিদ্র মহিলাকে মাতৃত্বকালীন ভাতা দিয়ে আসছে। ২০০৭ সালে ৮ মে থেকে টাঙ্গাইলের ১০ জন মহিলাকে মাতৃত্বকালীন ভাতা দেওয়া শুরু হয়েছে। তাদেরকে দুই বছর পর্যন্ত ভাতা দেওয়া হবে।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের মহাপরিচালক এএইচএম নোমান।