২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় হান্নান শাহ’র ছেলের বিরুদ্ধে মামলা

ঘোরশ্বাব জলমহাল দখল করে পাঁচ গ্রামের মানুষকে দুর্ভোগে ফেলা ও নির্যাতনের অভিযোগে খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসম হান্নান শাহ’র ছেলে রেজাউল হান্নানের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি মামলা করা হয়েছে। এজাহারে হান্নান শাহ’র নাম উল্লেখ করা হলেও তাকে আসামি হিসেবে উল্লেখ করা হয়নি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 08:28 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

কাপাসিয়ার বাসিন্দা মো. মাইনুদ্দিন শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন।

দ্রুত বিচার আইনে দায়ের করা এ মামলায় আরো আটজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হচ্ছেন- আজহারুল ইসলাম ওরফে মাখন, ফজলু, সুধীর বর্মন, সাদির, ফয়সাল, চাঁন মিয়া, বিল্লাল ও নুরুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, ‘বিগত সরকারের আমলে হান্নান শাহ ক্ষমতার অপব্যবহার করে ঘোরশ্বাব নদীর একটি অংশ লিজ নিয়ে বাঁধ দিয়ে নদীর বড় একটি অংশ দখল করে নেন। তারপর স্থানীয় শত শত মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে ঘরছাড়া করেন তিনি। তার প্রত্যক্ষ নির্দেশে তার ছেলে রেজাউল হান্নান ও অন্য অসামিরা বিভিন্ন সময় স্থানীয়দের ওপর নির্যাতন চালায়। তারা অর্ধশতাধিক নৌকা ও কয়েক লাখ টাকার মাছ ধরার সরঞ্জাম লুটে নিয়ে যায়। ২০০৬ সালের ১০ এপ্রিল সন্ধ্যায় হান্নান শাহ’র মৎস্য খামারের ব্যবস্থাপক আজহারুল ইসলাম মাখন স্থানীয় বাজার থেকে মামলার বাদি মাইনুদ্দিনকে খামারের অফিসে তুলে নিয়ে যান। সেখানে তাকে হাত পা ও চোখ বেঁধে রড দিয়ে পেটানো হয়। তারপর দুই বাহুসহ সারা শরীরে ইনজেকশনের সুঁই ফুটিয়ে শরীরে লবণ ছিটিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে মাইনুদ্দিনের স্ত্রী ও দুই ভাই ঘটনাস্থলে এসে তাকে মুক্ত করে স্থানীয় শীতলক্ষ্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল থেকে মাইনুদ্দিনকে অপহরণের চেষ্টা করা হলে পরিবারের সদস্যরা তাকে নরসিংদী নিয়ে চিকিৎসা করান।

মামলায় ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, শনিবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে মামলার বাদীসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন তিনি।

হান্নান শাহ’র সঙ্গে এ মামলার সংশ্লিষ্টতা আছে কিনা জানতে চাইলে মুখলেসুর রহমান বলেন, “এজাহারে বারবার হান্নান শাহ’র বিরুদ্ধে অভিযোগ করা হলেও আসামি হিসেবে নাম উল্লেখ না করায় তাকে এ মামলার আসামি বলা যাবে না। তবে তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে দ্রুত বিচার আইনের ৫ ধারা অনুযায়ী তাকেও এ মামলায় আসামি করা হতে পারে।