২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলরদের ভোটেই দলের নেতৃত্ব ঠিক হওয়া উচিত: জলিল

কাউন্সিলরদের সরাসরি ভোটেই রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব নির্বাচন হওয়া উচিত। আর তৃণমূল পর্যায় থেকে জেলা কমিটি পর্যন্ত নেতৃত্ব নির্বাচন হওয়া প্রয়োজন গোপন ব্যালটের মাধ্যমে। এমনটাই মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল।

সুমন মাহবুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

তবে নিজ দলে সংস্কারের বিষয়ে মুখ খোলেননি আবদুল জলিল। তার কথা, “আওয়ামী লীগে সংস্কার হলে তা দলীয় সভানেত্রীর উপস্থিতিতে দলীয় ফোরামে আলোচনা করেই হবে।”

শুক্রবার সকালে গুলশানে নিজ বাসভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আরও জানাচ্ছেন সুমন মাহবুব

আবদুল জলিল বলেন, কাউন্সিলদের ভোটেই সব রাজনৈতিক দলের সভাপতি থেকে শুরু নির্বাহী কমিটি নির্বাচিত হওয়া উচিত।

নিজ দলের গত সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন,“ তখন ব্যালটের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি নির্বাচনের প্রস্তাব করা হয়। পরে কাউন্সিলররা দলীয় সভানেত্রীকে সর্বময় ক্ষমতা দিলে সমঝোতার মাধ্যমে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।”

দলের সংস্কার নিয়ে তার বক্তব্য হল, “সাধারণ সম্পাদক হিসাবে আমি দলের কথা বাইরে বলব না। আমার নিজের চিন্তার কথা বাইরে প্রকাশ করলে সাধারণ কর্মীরা বিভ্রান্ত হতে পারে। দলীয় ফোরামে আমি আমার ভাবনাগুলো তুলে ধরব। তারপর যা সিদ্ধান্ত হবে, তাই সংবাদ মাধ্যমগুলোকে জানানো হবে।”

তিনি বলেন, “সাধারণ সম্পাদক হিসাবে আমি দলের মুখপাত্র। অন্যরা মুখপাত্র নয়। তাই দলের গুটিকয়েক সভাপতিমণ্ডলীর সদস্যের মতো আমি দলের অভ্যন্তরীণ সংস্কারের বিষয়ে প্রকাশ্যে বলতে পারি না।”

একই সঙ্গে আবদুল জলিল বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া আওয়ামী লীগে ধারাবাহিকভাবেই চলছে। আর আওয়ামী লীগে সংস্কার হলে তা দলীয় সভানেত্রীর উপস্থিতিতে দলীয় ফোরামে আলোচনা করেই হবে।”

সংস্কার নিয়ে দলের বিভিন্ন নেতার বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কার সর্ম্পকে নানা জন বিক্ষিপ্তভাবে মতামত দিচ্ছেন। কিন্তু, চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় ফোরামে আলোচনা করেই হবে।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করেন, রাজনৈতিক দলগুলোর সংস্কারের জন্য সরকারের অন্তত ঘরোয়া রাজনীতির অনুমতি দেওয়া দরকার। কারণ এ মুহূর্তে দলীয় সভাও করা যাচ্ছে না।

আবদুল জলিল দাবি করেন, আওয়ামী লীগই ২০০৫ সালের ১৫ জুলাই কালো টাকা ও পেশিশক্তিমুক্ত রাজনীতি ও সংসদের জন্য সংস্কার প্রস্তাব দিয়েছিল।