বিচারবিভাগীয় চাকরি বিধিমালা ১ জুলাই কার্যকর হচ্ছে
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার জন্য সরকার প্রণীত বিচারবিভাগীয় চাকরি (জুডিশিয়াল সার্ভিস) সংক্রান্ত বিধিমালা দুইটি ১ জুলাই থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার বিকালে সুপ্রিম কোর্টের সম্মেলন কক্ষে প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ফুল কোর্ট মিটিংয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সুপ্রিম কোর্ট সূত্র জানায়, ফুল কোর্ট মিটিংয়ে বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী ছাড়া হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি সব বিচারকের মতামত নিয়ে ১ জুলাই থেকে বিধিমালা দুুটি কার্যকর করার সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (গঠন, নিয়োগ, সাময়িক বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরি, নিয়ন্ত্রণ, শৃঙ্খলাবিধান ও চাকুররির অন্যান্য শর্তাবলী) বিধিমালা ২০০৭ কার্যকরের তারিখ নির্ধারণের জন্য এই ফুল কোর্ট মিটিং অনুষ্ঠিত হয়। সরকার এখন প্রজ্ঞাপন জারি করে ১ জুলাই থেকে এই দুটি বিধিমালা কার্যকর করবে।
বিচার বিভাগ পৃথককরণের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে আপিল বিভাগ গত ৭ মে সরকারকে ৩ দফা নির্দেশনা দিয়েছিল। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আদালত কক্ষ, বিচারকদের চেম্বার তৈরি, প্রয়োজনীয় লোকবল ও অর্থ বরাদ্দ সংক্রান্ত এ নির্দেশনা ১৯ জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন করে আদালতকে জানাতে বলা হয়।
১৯৯৯ সালে মাযদার হোসেন মামলার রায়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদাকরণের জন্য আপিল বিভাগ সরকারকে ১২ দফা নির্দেশনা দেয়। এরপর বিভিন্ন সরকার এসব নির্দেশনা বাস্তবায়নে ২৭ বার সময় নিলেও রায় কার্যকর হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার চার দিন পর ১৬ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে রায় বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করে।
