বিশ্বে কর্মক্ষেত্রে বৈষম্য এখনও উদ্বেগজনক: আইএলও
সারা বিশ্বে কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার আশা জাগানিয়া নানামুখী পদক্ষেপের পাশাপাশি হতাশার চিত্রটাও স্পষ্ট। আর তাই অসম আয়, বঞ্চনা ও দীর্ঘকাল ধরে বিরাজমান বৈষম্য এখনও উদ্বেগের কারণ হয়েই রয়েছে। এর পাশাপাশি দেখা দিচ্ছে বৈষম্যের নতুন উপসর্গ।
বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিবেদনে এ উদ্বেগের কথা জানানো হয়।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আন্তর্জাতিক শ্রম সংস্থার উচ্চ পর্যায়ের এক বৈঠকে ‘কর্মক্ষেত্রে বৈষম্য: এর চ্যালেঞ্জ মোকাবিলা’ শীর্ষক মূল প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। একই দিন প্রতিবেদনের এশীয় অঞ্চলের অংশটি ব্যাংককে প্রকাশ করা হয়।
এতে আরও বলা হয়, কর্মক্ষেত্রে নারীরা এখনও অনেক পিছিয়ে আছেন। আর এক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে এশীয় নারীরা। আবার এশীয়দের মধ্যে দক্ষিণ এশীয় নারীর অবস্থান সবার পেছনে।
শুধু তাই নয় বঞ্চিতদের তালিকায়ও শীর্ষে আছেন নারীরা। এক্ষেত্রে উন্নত রাষ্ট্রের চিত্র অনুন্নত রাষ্ট্রগুলোর মতোই। দক্ষিণ এশিয়ার চিত্র সবচেয়ে হতাশাজনক। এ অঞ্চলে কর্মজীবী নারীদের দুই-তৃতীয়াংশ কাজ করেন পারিশ্রমিক ছাড়াই।
আইএলও এর প্রতিবেদনে বৈষম্যের বিভিন্ন চিত্র তুলে ধরার পাশাপাশি তা দূর করার ক্ষেত্রে বিশ্বব্যাপী গৃহীত বিভিন্ন উদ্যোগ ও সাফল্যের কথাও তুলে ধরা হয়।
প্রতিবেদনে কর্মক্ষেত্রে বিদ্যমান লিঙ্গ বৈষম্য ও মজুরি বৈষম্য দূর করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়, শিশু ও বৃদ্ধ, পক্ষাঘাতগ্রস্ত ও কাজে অক্ষম, এইচআইভি/এইডস আক্রান্তদের কাজে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনীহা লক্ষ্যযোগ্য হারে বাড়ছে।
প্রতিবেদনে বলা হয়, শ্রমের মূল্য এবং কর্মক্ষেত্রে সুযোগ পাওয়ার ক্ষেত্রে নারীরা এখনও সর্বাধিক বৈষম্যের শিকার। এ বৈষম্য রয়ে গেছে ইউরোপের দেশগুলোতেও। সেখানে নারী এবং পুরুষের প্রতি ঘণ্টার গড় আয়ের পার্থক্য শতকরা ১৫ ভাগ।
এক দশকে সারা বিশ্বে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও এশিয়া এখনও অনেকটা পিছিয়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৪৩ দশমিক ৫ শতাংশ হলেও দক্ষিণ এশিয়ায় এ হার মাত্র ১৬ দশমিক ৫ শতাংশ।
সারা বিশ্বে বিভিন্ন প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ খুবই সীমিত বলে আইএলও এর প্রতিবেদনে জানানো হয়। এ পর্যায়ে মাত্র ২৮ দশমিক ৩০ শতাংশ নারী সুযোগ পাচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়, উত্তর আমেরিকায় এ সব পদে নারীর সুযোগ পাওয়ার হার ৪১ দশমিক ২০ শতাংশ, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ৩৫ শতাংশ এবং ইউরোপে ৩০ শতাংশ বেড়েছে। তবে এক্ষেত্রে দক্ষিণ এশিয়া কিছুটা এগিয়ে। গত নয় বছরে এ অঞ্চলে এ হার দ্বিগুণ হয়েছে। পাশাপাশি এটাও লক্ষণীয়, দক্ষিণ এশিয়া অঞ্চলে নারীদের মাত্র ৮ দশমিক ৬ শতাংশ এ সুযোগ পাচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে পণ্য, সেবা এবং বিনিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ বেড়ে যাওয়ায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে। এর ফলে বছরে প্রায় ৩০ লাখ এশীয় শ্রমিক কর্মসংস্থানের জন্য বিদেশ যাচ্ছেন। এসব শ্রমিক ইউরোপ ও মধ্যপ্রাচ্যে কর্মক্ষেত্রে নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন।
এক জরিপে দেখা যায়, এশিয়ায় কর্মক্ষেত্রে প্রতি ছয় শ্রমিকের মধ্যে এক জন বৈষম্যের শিকার হচ্ছেন। জরিপের ফল অনুসারে সবচেয়ে বেশি বৈষম্যের হার ফিলিপাইনে (২১ শতাংশ)। এরপর রয়েছে ইন্দোনেশিয়া (১৫ শতাংশ), ভারত (১২ শতাংশ) এবং থাইল্যান্ড (৭ শতাংশ)।
দক্ষিণ এশিয়ায় কর্মক্ষেত্রে বৈষম্যের অন্যতম একটি কারণ হিসেবে বর্ণবাদের উল্লেখ করা হয়েছে আইএলও এর প্রতিবেদনে। শিক্ষা, সম্পদ এবং প্রশিক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় কর্মক্ষেত্রে ভালো অবস্থানে যেতে পারছেন না নিম্নবর্ণের মানুষ। যার কারণে এসব সম্প্রদায়ের মানুষের মধ্যে অভাব বাড়ছে।
এ অঞ্চলের প্রবাসী শ্রমিকরা বর্ণবাদী আচরণের শিকার বেশি হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়। এতে জানানো হয়, এ বৈষম্যের প্রকাশ ঘটে পারিশ্রমিক কম দেওয়ার মাধ্যমে। এ ছাড়া দীর্ঘ সময়ব্যাপী এবং শ্রমসাধ্য কাজের দায়িত্বও তাদের ওপর চাপানো হয়।
২০০৪ সালের এক পরিসংখ্যানে দেখা যায়, উপসাগরীয় দেশগুলোর নির্মাণ শিল্পে পাকিস্তানের আদিবাসী কর্মীর সংখ্যা বেড়েছে। তবে নিয়মতান্ত্রিকভাবে প্রয়োজনীয় সরকারি কাগজপত্রসহ বিদেশগামী কর্মীদের তুলনায় অবৈধ পথে যাতায়াতকারীর সংখ্যা বেশি এবং এক্ষেত্রে আদিবাসীদেরও কাগজপত্র গ্রহণের সুযোগ কম থাকাকে দায়ী করা হয়েছে। এই ধরনের অসুবিধায় পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নারীরা।
এ অঞ্চলে কর্মক্ষেত্রে বৈষম্যের ক্ষেত্রে নতুন কিছু উপসর্গও যুক্ত হয়েছে। অল্প বয়সী এবং বয়স্ক উভয় ক্ষেত্রে আচরণগত বৈষম্য এ ধরনের উপসর্গের উদাহরণ। বিভিন্ন কারণে শারীরিকভাবে অসমর্থদের পাশাপাশি এইচআইভি/এইডস আক্রান্ত ব্যক্তিদেরও একই ধরনের বৈষম্যের মুখোমুখি হতে হয়।
প্রতিবেদনে বলা হয়, ইউরোপে ১৬ থেকে ৬৪ বছর বয়সের একজন স্বাভাবিক লোকের কাজ পাওয়ার সুযোগ ৬৬ শতাংশ। কিন্তু তিনি যদি ছোটখাটো শারীরিক অক্ষমতার শিকার হয় তাহলে এই সুযোগ কমে দাঁড়ায় ৪৭ শতাংশ। আর মারাত্মক অক্ষমতার শিকার হলে তার কাজ পাওয়ার সুযোগ আরও কমে ২৫ শতাংশে এসে দাঁড়ায়।
এ ছাড়া এইচআইভি/এইডস আক্রান্তরা কর্মসংস্থানের সুযোগ বঞ্চিত হন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ভারতে পরিচালিত আইএলও এর এক গবেষণায় দেখা যায়, এইডস আক্রান্ত জনগোষ্ঠীর নারীরা (৭৪ শতাংশ) পুরুষদের (৬৮ শতাংশ) তুলনায় বেশি বৈষম্যের শিকার হয়ে থাকেন।
কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে ভারত ও শ্রীলঙ্কার কিছু উদ্যোগকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে আইএলও এর প্রতিবেদনে। এতে বলা হয়, ভারতে নির্মাণ শিল্পে শ্রমিকদের শিশুদের নিরাপত্তায় ৪৫০টি ডে কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। আর শ্রীলঙ্কা আইএলও এর সহযোগিতায় কর্মক্ষেত্রে নারী-পুরুষ বৈষম্য দূর করতে প্রতিষ্ঠানগুলোর জন্য নীতিমালা তৈরি করেছে।
কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে যে সব আইনি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সাফল্যের মুখ দেখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বলা হয়, কর্মক্ষেত্রে এইচআইভি/এইডস এর বিষয়ে আইএলও’র নীতিমালা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সাদরে গৃহীত হয়েছে।
কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে এবং আইএলও এর প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নে প্রতিবেদনে বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, লিঙ্গসমতা বিধানে একীভূত ও সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ, নির্দিষ্ট গোষ্ঠীর প্রয়োজন অনুসারে নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ, উন্নত আইন প্রণয়ন এবং আইনের প্রয়োগ নিশ্চিত, সরকারি ক্রয় ও বিনিয়োগের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের সময় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এ বিষয়ে শ্রমিক ও নিয়োগকর্তাদের সচেতনতা বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণ।
