২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ হচ্ছে টেলিযোগাযোগ কর্তাদের “ফ্রি” মোবাইল ফোন

টেলিযোগাযোগ কর্মকর্তাদের বিনে পয়সায় মোবাইল ফোন ব্যবহার করার ‘সুদিন’ শেষ হতে চললো। কারণ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বুধবার থেকে “সার্ভিস ফোন” সুবিধা বন্ধের নির্দেশ দিয়েছে দেশের সব মোবাইল টেলিফোন সেবা প্রতিষ্ঠানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবু সাঈদ খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 06:37 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

দেশের শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের “সার্ভিস ফোন” ব্যবহারের সুবিধা প্রদান করতে পারে শুধু বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি)। তাদের দেওয়া সুবিধায় কোনো মূল্য ছাড়াই সংযোগ প্রদান করা হয় এবং সরকার মাসিক বিলের নির্দিষ্ট পরিমাণ অর্থও পরিশোধ করে থাকে। এই সুবিধা পাওয়া কর্মকর্তারা অবসর নেওয়ার পর টেলিফোনের সংযোগ মূল্য পরিশোধ করে সেটার মালিকানাও পেতে পারেন।

কিন্তু বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে এধরনের সুবিধা নেওয়ার নিয়ম নেই। তারপরও বিটিআরসি-র প্রায় সব কর্মকর্তা এবং এমনকি এর কমিশনাররাও বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে সংযোগ সহ ফ্রি মোবাইল ফোনই শুধু নিচ্ছেন না, এসব ফোন ব্যবহার করে কোন বিলও তাদের দিতে হচ্ছে না।

ক্ষমতাধর টেলিযোগাযোগ কর্মকর্তাদরে রোষানলে পড়ার ভয়ে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এই অন্যায় সুবিধা দেওয়ার কথা প্রকাশ্যে স্বীকার করতে চান না। কিন্তু এ অবস্থা যে চলে আসছে তা তারা নিশ্চিত করছেন বিডিনিউজ টোয়েন্টিফোর কে।

নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “তারা শুধু নিজেরাই ফ্রি ফোনের সুবিধা ভোগ করেন না; পরিবারের সদস্য এবং বন্ধুদের জন্যও একই ধরনের সুবিধা নিয়ে থাকেন।”

সূত্র জানায়, বিটিআরসি-র নবনিযুক্ত চেয়ারম্যান মঞ্জুরুল আলম কর্মকর্তাদের এই অন্যয় সুবিধা ভোগের ঘটনাটি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তা বন্ধ করার নির্দেশ দেন। এরপর বিটিআরসির সহকারি পরিচালক দিলশাত আরা শীলা মঙ্গলবার সব মোবাইল ফোন কোম্পনিকে ‘ফ্রি’ সংযোগ বন্ধের নির্দেশটি জানিয়ে দেন।

এরফলে বুধবার থেকে বিটিআরসি’র কর্মকর্তাদের তথাকথিত “সার্ভিস ফোন” সুবিধা বন্ধ হতে যাচ্ছে।

মোবাইল ফোন সেবা প্রতিষ্ঠানগুলো বিটিআরসি-র চেয়ারম্যানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। একটি প্রতিষ্ঠানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশ্ন করেন, “কিন্তু সরকারের অন্যান্য বিভাগের কর্মকর্তাদের এ ধরনের অপরাধের ক্ষেত্রে কী করা হবে?”

তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের এধরনের ‘ফ্রি’ মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সরকারের শীর্ষ পর্যায় থেকে এরকম নির্দেশ আসা উচিত।