২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী আমানের স্ত্রীকে কারাগারে পাঠালো বিশেষ আদালত

সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান বুধবার সংসদ ভবনের পুরনো এমপি হোস্টেলে বিশেষ জজ আদালত-এ হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 06:25 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

সাবেরার আইনজীবী এস এম শাহজাহান বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানিয়েছেন, সাবেরা আমানকে কারা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আমানউল্লাহ আমান, সাবেরা আমান, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে গেছে। অভিযোগ গঠনের তারিখ নির্ধারিত হয়েছে ১৫ মে।

বুধবার সংসদ ভবনের পুরনো এমপি হোস্টেলে বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম ও আদালত-২ এর বিচারক অমর কুমার রায় এই নতুন তারিখ দেন।

অন্যদিকে আওয়ামী লীগ নেতা ড. মহীউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে দায়ের করা মামলাটির অধিকতর তদন্তের জন্য তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২১ মে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সাবেরা আমান বুধবার সকাল ১১টা ৪০ এ দর্নীতি দমন কমিশনের মামলায় বিশেষ জজ আদালত-১ এ হাজির হলে তার আইনজীবী এম এ মালেক আদালতের কাছে তার জামিনের আবেদন জানান। বিচারক মো. ফিরোজ আলম জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমানউল্লাহ আমানের পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, তারা এই মামলার সত্যায়িত অনুলিপি পাননি। অনুলিপি পাওয়ার জন্য তারা আদালতের কাছে সময় চেয়ে আবেদন জানান। আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।

মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালউদ্দিনকে সকালে বিশেষ জজ আদালত-২ এ হাজির করা হলে তাদের আইনজীবীরা আদালতকে জানান, তারা মামলার নথিপত্র এখনো হাতে পাননি। এ কারণে অভিযোগ গঠনের তারিখ পেছানোর আবেদন জানান তারা।

বিচারক অমর কুমার রায় অভিযোগ গঠনের নতুন তারিখ ১৫ মে নির্ধারণ করেন।

বেলা ১১টা ৪৫ মিনিটে মহীউদ্দিন খান আলমগীরকে কাশিমপুর কারাগার থেকে বিশেষ জজ আদালত-৩ এ হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন মামলাটির অধিকতর তদন্তের জন্য আরো সময় চাইলে বিচারক শাহেদ নুর উদ্দিন আগামী ২১ মে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। আইনজীবীরা মহীউদ্দিন খান আলমগীরের জামিনের আবেদন জানালে আদালত তা নাকচ করে দেন।

গত ৬ মার্চ আওয়ামী লীগ নেতা মহীউদ্দিন খান আলমগীর, বিএনপি নেতা মীর নাছিরউদ্দিন ও তার ছেলে মীর হেলালউদ্দিন এবং আমানউল¬াহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।

৬ মে মামলা তিনটি ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত থেকে সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ আদালতে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মহীউদ্দিন খান আলমগীরের বিরুদ্ধে তেজগাঁও থানায়, আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর বিরুদ্ধে কাফরুল এবং মীর নাছির ও তার ছেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলাগুলো দায়ের করে কমিশন।