চট্টগ্রামের মিরসরাইয়ে চিকিৎসক গুলিবিদ্ধ
জেলার মিরসরাই উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে কমল কৃষ্ণ চৌধুরী (৫০) নামে এক চিকিৎসক আহত হয়েছে।
রোববার মধ্যরাতে মোস্তান নগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কমল কৃষ্ণ চৌধুরীকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল আফসার জানান, মধ্যরাতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাসায় ফেরার পথে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ করে গুলি চালালে তার ডানহাতে গুলি লাগে। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাকে গুলি করে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
