সিলেটে সালিশ বৈঠকে সংঘর্ষ, আহত ১৫
সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের খালিগাঁওয়ে রোববার সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষ বেঁধে গেলে ১৫ জন আহত হন।
এলাকা সূত্র জানায়, গ্রামের আফতাব আলী ও মন্তাজ আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। সে নিয়ে রোববার দুপুর ১২টার দিকে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক শুরুর আধা ঘণ্টার মধ্যে দু’পক্ষে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা একে অপরের ওপর হামলে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহত ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে সূত্র জানায়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কোতোয়ালি থানায় দায়িত্বরত উপ-পরিদর্শক আবদুল হামিদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে দু’পক্ষকে সরিয়ে দেয়। সংঘর্ষে সালিশ বৈঠক পণ্ড হয়ে যায়।
এ ঘটনায় কোনও মামলা হয়নি বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
