ব্লেড দিয়ে পেট চিরে গর্ভস্থ সন্তান বের করতো সাদেক
গর্ভস্থ শিশু হত্যায় অভিযুক্ত ভৈরবের ভুয়া চিকিৎসক আবদুস সাদেককে কারাগারে পাঠানো হয়েছে।
ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকারের পর রোববার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর শনিবার জেলা শহরের একটি হোটেল থেকে র্যাব আবদুস সাদেককে গ্রেপ্তার করে।
রোববার বিকালে ম্যাজিস্ট্রেট আবু তাহেরের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আবদুস সাদেক। এরপর ১৯৯৯ সালের ২০ এপ্রিল সন্তান হারানো শাহানা বেগমের দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। আদালত পুনরায় তার জবানবন্দি নেয়। পরে বিচারক তাহমিনা বেগম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে আবদুস সাদেক স্বীকার করেন, তার চিকিৎসা সংক্রান্ত কোনও সনদ বা প্রশিক্ষণ নেই। তার মাতৃসদনে কর্মরত কোনও কর্মীরই প্রসব সংক্রান্ত প্রশিক্ষণ ছিল না।
তিনি জানান, অজ্ঞান না করেই তার ‘চিকিৎসালয়ে’ ব্লেড দিয়ে গর্ভবতী মায়ের পেট চিরে সন্তান বের করা হতো। এভাবে টেনে বের করার সময় শিশুর হাত-পা ছিড়ে গেলে কিংবা মারা গেলে ব্লেড দিয়ে কেটে টুকরো টুকরো করে পেট থেকে বের করা হতো।
আবদুস সাদেক আরও জানান, মৃত ও খণ্ড-বিখণ্ড শিশুদের মৃতদেহ ‘চিকিৎসালয়ের পেছনে একটি গর্তে মাটিচাপা দেওয়া হতো।
তার এ কর্মকাণ্ডে ভৈরবের প্রভাবশালী একটি মহল সহায়তা করতো বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আবদুস সাদেক জানান।
