২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আরও একটি খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর উত্তরপাড়ার বিউটি পোলট্রি খামারে চার হাজার মুরগি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে (বার্ড ফ্লু) আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 08:17 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

গত কয়েকদিনে ওই খামারের প্রায় তিন হাজার মুরগির মড়কের পর নমুনা সংগ্রহ করে সাভারের পশু সম্পদ গবেষণা প্রতিষ্ঠানে (ডিএলআরআই) পরীক্ষার পর এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. কফিল উদ্দীন ভূঁইয়া ডিএলআরআই এর পরীক্ষার ফলাফল শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান। তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী রোববার রাতেই খামারের অবশিষ্ট চার হাজার মুরগি মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে আক্রান্ত খামারের আশপাশে অনেকগুলো মুরগির খামার রয়েছে। এগুলোতে এখনও মড়ক না লাগলেও খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আক্রান্ত খামারের আশপাশের খামারের মুরগি মেরে ফেলা হবে কিনা জানতে চাওয়া হলে পশু সম্পদ কর্মকর্তা বলেন, এ ব্যাপারে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।

এর আগে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে গাজীপুরের জিরানী বাজারে এক কিলোমিটার এলাকার সব খামারের মুরগি মেরে ফেলা হয়।