২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে ভূমি দখল ও লুটের মামলা

হত্যা চেষ্টা, সন্ত্রাসী হামলা, ভূমি দখলসহ এক কোটি ৫০ লাখ ৩৭ হাজার টাকার মালামাল লুটের অভিযোগে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ ২৭ জনকে আসামি করে চাঁদপুরে একটি মামলা হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 08:05 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

কচুয়া উপজেলার বেরকোটা গ্রামের নুরুল ইসলাম চৌধুরী রোববার দুপুরে চাঁদপুর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০০২ সালের ৫ অক্টোবর মিলনের নির্দেশে মামলার অন্য আসামিরা বাদির বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা চালায়। তারা বাদী ও তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে উচ্ছেদ করে জমি ও স্থাপনা দখল করে নেয় এবং এক কোটি ৫০ লাখ ৩৭ হাজার টাকার মালামাল লুট করে। বাদী সে সময় কচুয়া থানায় মামলা করতে গেলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নেননি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “আদালতের চিঠি পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”