২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

পারিশ্রমিক বাড়ানোর দাবিতে শনিবার রাজধানীর উত্তরার আজমপুরে এয়ারপোর্ট-টঙ্গী সড়ক অবরোধ করে প্রায় পৌনে এক ঘণ্টা বিক্ষোভ করেছে রাজধানীর একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় উত্তেজিত শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 08:30 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

ঘটনাস্থলে উপস্থিত উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, উত্তরার ‘সোয়েটার বুটিকস’ এর নিটিং বিভাগের শ্রমিকরা দীর্ঘদিন ধরে পারিশ্রমিক বাড়ানোর দাবি জানিয়ে আসছে। কর্তৃপক্ষ তাদের দাবি না মানায় শনিবার প্রায় চারশ শ্রমিক রাস্তায় নেমে আসে। তারা দুপুর সোয়া দুইটা থেকে তিনটা পর্যন্ত এয়ারপোর্ট-টঙ্গী সড়ক অবরোধ করে রাখে। এসময় তারা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে।

পরে উত্তরা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ছয় শ্রমিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো আল আমিন (২০), শান্ত (২২), ইসমাইল হোসেন (২০), ওবায়দুর রহমান (২৩), রফিকুল ইসলাম (২৮) ও মো. নূরে আলম (২৬)।

এদিকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ওই প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা খুবই ভালো। সেখানে এধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হওয়ার কথা না। বাইরের লোকজনের উস্কানিতে এ ঘটনা ঘটে থাকতে পারে।”

সোয়েটার বুটিকের মালিক গোলাম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “গত বৃহষ্পতিবার নিটিং বিভাগের শ্রমিকদের নিয়মিত পারিশ্রমিক দেওয়ার পর হঠাৎ করে কিছু শ্রমিক খেপে ওঠে। কম টাকা দেওয়া হয়েছে অভিযোগ তুলে তারা নিটিং বিভাগের সুপারভাইজার ও কিছু কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করে। এরপর তারা অন্যান্য বিভাগের কর্মীদের জোর করে নিচে নামিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে।”

তিনি বলেন, এর পেছনে ট্রেড ইউনিয়নের নেতাদেরও উস্কানি আছে। অভিযুক্তদের বিরুদ্ধে কারখানা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উত্তরা থানার উপ-পরিদর্শক রীনা খান জানান, গ্রেপ্তারকৃতদের থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি মামলা করার প্রস্তুতি চলছে।