২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরম আর লোডশেডিংয়ে বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা

টানা কয়েক দিনের তাপপ্রবাহে সারাদেশে মানুষের প্রাণ এখন ওষ্ঠাগত। দেশের বিভিন্ন স্থান থেকে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 04:30 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

প্রচণ্ড গরমের মধ্যে আবার লোডশেডিং অতিষ্ঠ করে তুলেছে জনজীবন। আর এসবের মধ্যে পড়ে সবচেয়ে দুর্ভোগ পোহাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আগামী ১০ মে শুরু হতে যাওয়া পরীক্ষার ঠিক আগমুহূর্তে বিদ্যুতের লুকোচুরিতে তাদের পড়াশোনার মারাত্মক ব্যাঘাত ঘটছে।

চট্টগ্রাম থেকে ফারুক ইকবাল ও আমিন রানা জানান, লোডশেডিংয়ের কারণে দুশ্চিন্তা বেড়ে গেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩৭ হাজার পরীক্ষার্থীর।

নগরীর চকবাজার এলাকায় মেসে থাকেন চট্টগ্রাম কলেজের ছাত্র দীপংকর দেব। তিনি বলেন, “গরমের কারণে দিনে পড়ালেখা করতে এমনিতেই কষ্ট হয়। তার ওপর প্রায়ই বিদ্যুত থাকে না। ভাবি, রাত জেগে পড়ব। কিন্তু সন্ধ্যা থেকে সেই যে বিদ্যুতের লুকোচুরি শুরু হয় তাতে টেবিলে বসাই দায় হয়ে পড়ে।”

ওমরগনি এমইএস কলেজের পরীক্ষার্থী রবিউল হাসান গরম আর বিদ্যুতের প্রসঙ্গ তুলতেই বললেন, “কতক্ষণ আর মন ও শরীরের সাথে যুদ্ধ করে পড়াশোনায় মনোযোগ দেওয়া যায়।”

গরম আর বিদ্যুতের এ অবস্থায় অনেকে আইপিএস কেনার উদ্যোগ নিয়েও সফল হননি। নগরীর দোকানগুলোতে চাহিদার তুলনায় ব্যাটারির সরবরাহ কম থাকায় আইপিএস ডেলিভারি দিতে সময় নিচ্ছেন দোকানিরা।

পাহাড়তলীর জয়নাব বেগম তার ছেলের পরীক্ষার কথা বিবেচনা করে একটি আইপিএস কিনতে চেয়েছিলেন। কিন্তু কয়েক দোকান ঘুরেও পরীক্ষার আগে কেউ ডেলিভারি দিতে পারছে না বলে তিনি হতাশ হয়ে পড়েছেন।

ওয়াসা মোড়ের ইকরা কম্পিউটার ও ইলেকট্রনিক্সের কর্ণধার মো. হোসেন জানান, গত মাস থেকে আইপিএসের চাহিদা বেড়ে যাওয়ায় ব্যাটারির সঙ্কট সৃষ্টি হয়েছে। দামও বেড়েছে ১০ শতাংশের বেশি। তাই চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না।

চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা জানিয়েছেন, চাহিদার চেয়ে উৎপাদন কম হওয়ায় নগরীতে লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা।

পিডিবির প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার ডি কে পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, এখন প্রতিদিন সান্ধ্যকালীন পিক আওয়ারে ১৫০ মেগাওয়াট লোডশেডিং করা হচ্ছে। এ সময়ে চট্টগ্রাম নগরীতে বিদ্যুতের চাহিদা প্রায় ৫৩০ মেগাওয়াট।

তিনি জানান, শিগগির পরিস্থিতির উন্নতি ঘটার সম্ভাবনা কম। মে মাসের শেষ দিকে শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র চালু হলে অবস্থার কিছুটা উন্নতি হবে।

খুলনা থেকে আমাদের প্রতিনিধি সুবীর রায় জানান, শিক্ষার্থী ও অভিভাবকরা এখন চাইছেন পরীক্ষার সময়টাতে যেন বিদ্যুতের সরবরাহ ঠিকমতো থাকে।

সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী তাহমিদা হোসেনের চাওয়া, পরীক্ষার সময়টাতে রাতে অন্তত তিন ঘণ্টা যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে। তা না হলে পরীক্ষা দেওয়াটাই কষ্টকর হয়ে দাঁড়াবে।

সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী প্রীতম কুণ্ডু জানান, বিদ্যুতের লুকোচুরির জন্য পড়াশোনা করাই দায় হয়ে পড়েছে। পরীক্ষার সময়ও এ অবস্থা অব্যাহত থাকলে দুর্ভোগের সীমা থাকবে না।

পাইনিয়র সরকারি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ ইকরামুল কবীর বলেন, “লোডশেডিংয়ের কারণে ছেলে মেয়েরা ঠিকভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না। ”

তিনি পরীক্ষার সময়টাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

আমাদের রাজশাহী প্রতিনিধি এস এম আব্বাস জানান, বৃহত্তর রাজশাহীতে গত কয়েকদিন ধরেই চাহিদার অর্ধেকের কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। রাজশাহী নগরীতে গড়ে ৭০ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ৪৩ মেগাওয়াট বিদ্যুৎ। চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে চাহিদা যথাক্রমে ৬৫ ও ৩২ মেগাওয়াট। অথচ পাওয়া যাচ্ছে ৩০ ও ২০ মেগাওয়াট বিদ্যুৎ।

শনিবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার, ঘোড়ামারা, মালোপাড়া, শিরইল, রানীবাজার, সাগরপাড়া, কুমার পাড়াসহ বেশ কিছু এলাকায় সাড়ে তিন ঘণ্টা একটানা বিদ্যুৎ ছিল না।

ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এসএইচসি পরীক্ষার্থীরা পড়েছেন বিপাকে। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে মোমবাতি কিংবা হারিকেনকে ভরসা করেই শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে হচ্ছে তাদের। বিদ্যুতের এ অবস্থার কারণে অভিভাবকরাও দুশ্চিন্তাগ্রস্ত।