২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়দেপুর জংশনে টিকিট বিক্রিতে অভিনব জালিয়াতির অভিযোগ

বাংলাদেশ রেলওয়ের (বিআর) বেশ কিছু কর্মকর্তা জয়দেবপুর জংশনে টিকেট বিক্রির পদ্ধতিতে জালিয়াতি করে ছয় লাখেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 01:58 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

একাজে তাদের সহায়তা করেছে রেলওয়ের ইলেকট্রনিক টিকেটিং সিস্টেম পরিচালনাকারী ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেড। (সংশোধিত)

অভিযোগ আছে ড্যাফোডিল সফটওয়্যার লিমিটেডের সহযোগিতায় এই কর্মকর্তারা ২০০৩ সালের সেপ্টেম্বর থেকে ২০০৭ সালের মার্চ মাস পর্যন্ত বিক্রি হওয়া প্রচুর টিকিটকে ‘রিটার্নড টিকেট’ হিসাবে কাগজপত্রে দেখিয়েছেন।

অর্থ আত্মসাতের এ পদ্ধতিকে রেলওয়ের কর্মকর্তারা রেলওয়েতে দুর্নীতির ক্ষেত্রে ‘নতুন ধারা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

সম্প্রতি রেলওয়ের মহাপরিচালককে লেখা এক চিঠিতে বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) প্রধান কমার্শিয়াল ম্যানেজার আব্দুল ওয়াহাব দুর্নীতির এই অভিযোগ জানিয়েছেন। কিছু রেলওয়ে কর্মকর্তার পাশাপশি চিঠিতে তিনি ড্যাফোডিল সফটওয়্যারকেও দায়ী করেন। অবশ্য ড্যাফোডিল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।

টিকেট বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করতে বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল কর্মকর্তা শাহাদত হোসেনকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে। খুব শিগগিরই এই কমিটি প্রতিবেদন দেবে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর কে আব্দুল ওয়াহাব বলেন,“ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ দুর্নীতির বিষয়টি আমি জানিয়েছি। তদন্ত প্রতবেদন হাতে পাওয়ার পর আমরা এ ব্যাপরে বিস্তারিত তথ্য জানানো যাবে।”

এদিকে জালিয়াতির বিষয়ে জানতে চাইলে ড্যাফোডিল সফটওয়ারের সমন্বয়ক মো. জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর কে টেলিফোনে বলেন, “আমাদের প্রতিষ্ঠানের কোনো কর্মচারী যাত্রীদের কাছে থেকে অর্থ নেন না। তাহলে টিকিট দুর্নীতির জন্য কেন আমাদের দোষারোপ করছেন?”

তিনি আরো জানান, তার প্রতিষ্ঠানের দায়িত্ব হল ইলেকট্রনিক টিকিট ক্রয় বিক্রয়ের পদ্ধতি পরিচালনা করা।

তবে তদন্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, রেলওয়ে বা ড্যাফোডিল সফটওয়্যারের কর্মকর্তাদের পক্ষে এককভাবে একাজ করা সম্ভব নয়। কারণ প্রত্যেক টিকেট বিক্রেতাকেই নিজের আইডেনটিটি নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে টিকেট বিক্রির সিস্টেমে প্রবেশ করতে হয়। বিক্রেতা টিকিট বিক্রি করার পরপরই তা প্রধান সার্ভারে রেকর্ড হয়ে যায়। বিক্রেতা এক্ষেত্রে কোনো পরিবর্তন আনতে পারেন না। কেবল সিস্টেমে পরিবর্তন এনেই জালিয়াতি করা সম্ভব।

তিনি আরো বলেন, “আর তাই ড্যাফোডিল সফটওয়্যারের কোনো কর্মকর্তার সাহায্য ছাড়া টিকিট বিক্রির পদ্ধতিতে কোনো ধরনের পরিবর্তন আনা সম্ভব না।”