ফরিদপুর পাসপোর্ট অফিসে আটক ৮ জনের নামে মামলা
ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আটক পাসপোর্ট অফিসের তিন কর্মকর্তা-কর্মচারী ও পাঁচ দালালের বিরুদ্ধে অবশেষে বৃহস্পতিবার ফরিদপুর কোতয়ালি থানায় মামলা হয়েছে।
কোতয়ালি থানার উপ পরিদর্শক আবু জেহাদ খান বাদী হয়ে ৪০৬-৪২০-১০৯ ধারা এবং পাসপোর্ট অধ্যাদেশ-১৯৭৩ এর ১১ (১) (২) বিধির আওতায় এ মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হচ্ছেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের তত্ত্বাবধায়ক মো. মতিউর রহমান, উচ্চমান সহকারী মো. জসীম উদ্দিন ও মুদ্রাক্ষরিক মো. শহীদুল ইসলাম এবং পাঁচ দালাল মো. আবুল হোসেন, সোহাগ সাহা, বিপ্লব কুন্ডু, গোপাল সাহা ও উজ্জ্বল।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, মামলার প্রয়োজনে আসামীদের পুলিশী হেফাজতে আনা হবে।
গত ২৩ এপ্রিল ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে যৌথবাহিনী অভিযান চালিয়ে সহকারি পরিচালক শাহ মো. ওয়ালী উল্লাহসহ নয়জনকে আটক করে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরদিন ২৪ এপ্রিল সহকারি পরিচালককে ছেড়ে দেওয়া হয় এবং বাকিদের জরুরি ক্ষমতা বিধিতে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
